তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বলেছেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো প্রয়োজন। এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এ সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ২০২৬ সালের নভেম্বরে দোহায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সমর্থন করায় ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সুসান রাইল তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে অস্ট্রেলীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।



