হ্যাকারের হাতে তথ্য, যা বলছে পাঠাও

বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য হ্যাকের অভিযোগ ওঠার পর নিজেদের অ্যাপের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে পাঠাও।
রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে নিরাপত্তাজনিত একটি ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সিস্টেমের নিরাপত্তা জোরদার করতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে।
পাঠাওয়ের কোটি কোটি সারি তথ্য হ্যাক করার দাবি একটি সাইবার অপরাধী চক্র করার পর গত বুধবার পাঠাওয়ের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।
চক্রটির পাঠাওয়ের প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য পেয়ে গেছে দাবি করে তার বিনিময়ে ৪ লাখ ডলার চেয়েছিল, যা ডার্ক ওয়েব পর্যবেক্ষণকারী অ্যাকাউন্ট ডেইলি ডার্ক ওয়েবের এক্স পোস্টে প্রকাশিত হয়।
সেই পোস্ট অনুসারে ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৯১৮টি অ্যাকাউন্টের একটি মূল ব্যবহারকারী তথ্যভাণ্ডারের পাওয়ার দাবি করা হয়, সেখানে ইমেইল, ফোন নম্বর, নাম, পাসওয়ার্ডের হ্যাশ, জিপিএস তথ্য এবং ফেইসবুক আইডি ও অ্যাক্সেস টোকেন ছিল।
তবে পাঠাওয়ের বিবৃতিতে বলা হয়, তাদের ‘কিছু’ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে যাওয়ার বিষয়টি জানা গেছে। এসব তথ্যের মধ্যে নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরের মতো তথ্য রয়েছে।
তবে বিবৃতিতে ঠিক কতজন ব্যবহারকারীর তথ্য আক্রান্ত হয়েছে, কীভাবে তথ্যগুলো দুর্বৃত্তদের হাতে গেছে কিংবা কোন ধরনের নিরাপত্তাত্রুটি থেকে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
পাঠাও বলেছে, বর্তমানে তাদের সিস্টেম পুরোপুরি স্থিতিশীল রাখার কাজ চলছে। এ সময়ে ব্যবহারকারীরা সাময়িকভাবে বিচ্ছিন্ন কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন।
পাঠাও ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়েছে, পাঠাওয়ের পরিচয় দিয়ে পাঠানো কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা, ফোনকল বা লিংকের বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনাকাঙ্ক্ষিত কোনো যোগাযোগের জবাবে পাসওয়ার্ড, পিন বা ওটিপি শেয়ার না করার পরামর্শও দিয়েছে পাঠাও।



