ভোটে কারচুপির চেষ্টা হলে ছাড় নয় : ইসি সানাউল্লাহ

নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ভোট দেয়ার পর তিনি সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
কেন্দ্রে ভোটার উপস্থিতির হার বা ‘টার্নআউট’ সন্তোষজনক হবে বলে আশা জানিয়ে তিনি বলেন, 'এখন পর্যন্ত দেশের কোথাও ভোটে বাধা দেয়ার মতো কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আসেনি।
সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। শহরের ভোটাররা কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন, যা একটি হ্যাবিট। গ্রামাঞ্চলের অনেক কেন্দ্রে সকাল থেকেই উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে।'
কিছু কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি বলেও জানান তিনি।
ভোটার তালিকায় নাম না পাওয়া বা কারিগরি জটিলতার বিষয়ে ইসি বলেন, 'হাজারে একটি টেকনিক্যাল গ্লিচ হতে পারে।'
বিভিন্ন স্থানে টাকা লেনদেনের সময় অভিযুক্তদের আটক হওয়ার বিষয়কে তিনি ‘ভালো লক্ষণ’ উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে ইসি সানাউল্লাহর মন্তব্য, এটি বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন ভুল তথ্য প্রতিরোধে কাজ করছে।
রাজনৈতিক অধিকার ও জনউদ্দীপনা বিবেচনায় কোনো কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়নি জানিয়ে মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ইসি সানাউল্লাহ।















