কাল অনলাইনে মিলবে পাবনার নতুন দুই ট্রেনের টিকিট

ঢাকা-পাবনা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের টিকিট অনলাইনে পাওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। কাল সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। তবে উদ্বোধনের দিন বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিশেষ ট্রেনটির টিকিট অনলাইনে পাওয়া যাবে না। উদ্বোধনী ও বিশেষ এই যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে।
উদ্বোধনী দিনের বিশেষ ট্রেনটি পাবনা থেকে ঢাকায় আসার পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। অর্থাৎ নিয়মিত বাণিজ্যিক চলাচলের সময় যে স্টেশনগুলোতে ট্রেনটির বিরতি থাকবে, উদ্বোধনী যাত্রায় সেসব স্টেশনে থামবে না।
এদিকে ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ট্রেন দুটি। এর মধ্যে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছাড়বে বেলা ৩টা ২৫ মিনিটে। অন্যদিকে পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে সকাল ৮টায়।
নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা রুটে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। এতে এসব এলাকার যাত্রীদের ঢাকা ও পাবনার মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেনে যাতায়াতের সুযোগ তৈরি হবে।
ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর মধ্য দিয়ে যমুনা সেতু হয়ে রাজধানীর সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগের নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে পাবনা ও আশপাশের জেলার যাত্রীদের ঢাকায় যাতায়াতে এটি নতুন বিকল্প হিসেবে যুক্ত হবে।



