অটিজম ও অন্তর্ভুক্তির বিষয়ে বৈশ্বিক পদক্ষেপ আহ্বান প্রতিমন্ত্রীর

শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অটিজম বিষয়ক বৈশ্বিক এক সভায় বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম
অটিজম থাকা ব্যক্তিরা কেবল সহায়তা গ্রহীতা হিসাবে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজে সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘অটিজম বিষয়ক বৈশ্বিক পদক্ষেপ ত্বরান্বিতকরণ : প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায় এ মন্তব্য করেছেন তিনি।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী অটিজম-সম্পর্কিত অন্তর্ভুক্তি ও সহায়তা কার্যক্রম এগিয়ে নিতে জাতীয় সক্ষমতা জোরদার, তথ্য-প্রমাণভিত্তিক সমাধান, জনশক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টেকসই জাতীয় সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং অটিজম থাকা ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
কাতার, কাতার ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং ‘অটিজম স্পিকস’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



