বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে দেশি-বিদেশি ব্যবসায়ীদের এতদিন তিনটি আলাদা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে হতো।
সেগুলো হলো: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষ।
এসব প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন আইনে পরিচালিত হয়ে আসছিল। এতে কাজ করার ক্ষেত্রে মাঝে মধ্যেই এক প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের বিরোধ দেখা দিতো। এর ফলে প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়তেন।
এই সমস্যার সমাধানে তিনটি প্রতিষ্ঠানকে ভেঙে সরকার একটি নতুন প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করেছে। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যই 'ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬' নামে নতুন আইনটি পাস করা হয়েছে।
এর আওতায় বিনিয়োগ বিষয়ক নতুন যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে, সেটি নাম 'ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ' হবে বলে আইন উল্লেখ করা হয়েছে।
দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিল্পাঞ্চল ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের সকল কার্যক্রম এখন থেকে এই নতুন প্রতিষ্ঠানের অধীনে চলবে বলে জানানো হয়েছে।
গত ১৫ই জুলাই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষদিনসেইসঙ্গে, নতুন আইনে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সকল সেবা, অনুমোদন, লাইসেন্স, ছাড়পত্র, অনুমোদন প্রদানসহ ব্যবসায়ীদের আরও অনেক সমস্যা সমাধানে একক ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে।
ফলে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হওয়ায় দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা করছে সরকার।
কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে আইনটি প্রণয়ন করা হচ্ছে কি-না, বিরোধীদলের এমন প্রশ্নের জবাবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারো ব্যক্তিগত স্বার্থে সরকার বিশেষ এই আইনটি প্রণয়ন করেনি, বরং বিনিয়োগকারীদের সুবিধার্থেই এটি করা হয়েছে।
নতুন আইন পাসের মাধ্যমে আগের চারটি আইন রহিত করা হয়েছে।
সেগুলো হলো: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০; বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, ২০১৫; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮।
বিলুপ্তির পর বিডা, বেজা ও পিপিপি কর্তৃপক্ষের স্থাবর-অস্থাবর সম্পত্তি, নগদ অর্থ, ব্যাংক হিসাব, বিনিয়োগ, নথি, ঋণ, দায়, চুক্তি ও মামলা নতুন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হবে।
তিন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা নতুন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী বলে গণ্য হবেন। চাকরির শর্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা আগের শর্তেই কর্মরত থাকবেন বলে নতুন আইন বলা হয়েছে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগে স্থবিরতা দেখা যাচ্ছে বলে অর্থনীতিবিদরা মনে করেনকেমন হবে কর্তৃপক্ষের কাঠামো?
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, 'ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ' হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা, যার প্রধান কার্যালয় থাকবে ঢাকায়।
তবে সরকারের অনুমোদন নিয়ে দেশের অন্য স্থানে শাখা কার্যালয় এবং বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপন করা যাবে বলে আইনে বলা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত কার্যক্রম পরিচালনা করার জন্য একজন চেয়ারম্যান এবং সাতজন সদস্য থাকবেন।
সরকার তাদেরকে নিয়োগ দিবে এবং পদমর্যাদা, চাকরির মেয়াদ, বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সরকার নির্ধারণ করবে। এর মধ্যে চেয়ারম্যান হবেন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী।
নিয়োগের ক্ষেত্রে আইনে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। যোগ্য ও বিশেষজ্ঞ ব্যক্তিদের আকৃষ্ট ও ধরে রাখার উপযোগী করে তাদের চাকরির শর্ত নির্ধারণ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
নতুন এই বিনিয়োগ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা, বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের লক্ষ্যে প্রণোদনার প্রস্তাব অনুমোদন, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করবে।
সেইসঙ্গে, সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি, স্থাপনা, শেয়ার ও স্বত্ব অধিকতর উপযোগী অর্থনৈতিক কাজে ব্যবহার, হস্তান্তর, ইজারা বা কৌশলগত বিক্রয়ের বিষয়ে বিনিয়োগ কর্তৃপক্ষ সরকারকে পরামর্শ দিবে।
এছাড়া শিল্পাঞ্চলে বিদেশি কর্মকর্তা-কর্মচারী এবং পরামর্শক নিয়োগের শর্ত নির্ধারণ, তাদের কাজ করার অনুমতি ও ভিসার জন্য সুপারিশ প্রদান, বিনিয়োগ চুক্তির খসড়া তৈরিতে সরকারকে সহায়তা এবং শিল্পের তথ্যভাণ্ডার তৈরির দায়িত্বও তাদের ওপর ন্যস্ত থাকবে বলে আইনে বলা হয়েছে।
নানামুখী সংকটে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না বিদেশি ব্যবসায়ীরাবোর্ডে থাকবেন কারা?
আইনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ পরিচালিত হবে একটি গভর্নিং বোর্ড বা পরিচালনা পর্ষদের মাধ্যমে, যার সভাপতি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে বা তার মনোনীত ব্যক্তি।
আর সরকারের অর্থ, বিদ্যুৎ ও জ্বালানি, পররাষ্ট্র, আইন, ভূমি, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিরা বোর্ডটিতে সদস্য হিসেবে থাকবেন।
এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও বেসরকারি খাতের চারজন প্রতিনিধিও বোর্ডে থাকবেন।
বেসরকারি খাতের ওই চার প্রতিনিধির মধ্যে দু'জন অবশ্যই নারী থাকতে হবে। বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান গভর্ননিং বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
বিধি অনুযায়ী, পরিচালনা পর্ষদের সদস্যরা বাংলাদেশে বিনিয়োগ বিকাশে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল ও রোডম্যাপ অনুমোদন, শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন, শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, ভূমি বরাদ্দ, ইজারা প্রদান ছাড়াও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করবে।
এ লক্ষ্যে বছরে তাদেরকে অন্তত দু'বার অবশ্যই বৈঠক করতে হবে।
সংসদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের নেতা শফিকুর রহমানক্ষমতা কতটুকু?
নতুন আইনে 'ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ'কে দেশে বিনিয়োগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা করবে।
এক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সময় সরকারি অনুমোদন, লাইসেন্স, ছাড়পত্রসহ অন্যান্য সেবা যাতে বিনিয়োগকারীরা ভোগান্তি ছাড়াই একটি নির্দিষ্ট স্থানে পেতে পারেন, সেজন্য নতুন আইনে একটি 'সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম' প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে।
এক্ষেত্রে সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ওই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকার বিধান রাখা হয়েছে। যদিও বর্তমানেও একটি 'ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল' চালু আছে। তবে নতুন প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর আগের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালসহ অন্য সেবা প্ল্যাটফর্মগুলোকে সেটার সঙ্গে একীভূত করা হবে।
বেসরকারি শিল্প প্রকল্প নিবন্ধনের সময় বিদেশি ঋণ, সরকারি জমি বরাদ্দ, আমদানি করা যন্ত্রপাতি ছাড়, পরিবেশ ও অগ্নিনিরাপত্তার ছাড়পত্র, ভিসা, কাজের অনুমতি এবং বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিযোগাযোগ সেবা দেওয়ার সময়সীমা বিনিয়োগ কর্তৃপক্ষ নির্ধারণ করতে পারবে।
আইন অনুযায়ী, এসব সেবা, নিবন্ধন, লাইসেন্স, অনুমোদন, ছাড়পত্র বা অনাপত্তিপত্রের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার সিদ্ধান্ত বলে গণ্য হবে।
বিনিয়োগ না হওয়ায় দেশে কর্মসংস্থাপনের সুযোগ তৈরি হচ্ছে না বলে বিশ্লেষকরা মনে করেনকোনো ব্যক্তি, সংস্থা বা দপ্তর নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে বিনিয়োগ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ বা সুপারিশ দিতে পারবে। সেই নির্দেশ বা সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বাধ্য থাকবে।
নতুন আইনে বলা হয়েছে, কোনো শিল্পাঞ্চল বা নিবন্ধিত শিল্প প্রকল্পের জন্য ভূমি প্রয়োজন হলে তা জনস্বার্থে প্রয়োজনীয় বলে বিবেচিত হবে এবং কর্তৃপক্ষ সেই জমি অধিগ্রহণ করতে পারবে।
শিল্পাঞ্চলে ভূমি, ভবন বা জায়গা বরাদ্দ, ভাড়া বা ইজারা দেওয়া এবং ডেভেলপার ও অপারেটর নিয়োগের ক্ষমতাও কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
আইন বা অনুমোদনের শর্ত ভঙ্গ করলে নতুন কর্তৃপক্ষ ওই শিল্প প্রকল্পের নিবন্ধন, অনুমতিপত্র, ভূমি বরাদ্দ, ইজারা বা ভাড়া স্থগিত কিংবা বাতিল করতে পারবে।
সেইসঙ্গে, অব্যবহৃত বা পতিত সরকারি ভূমি ও প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনশীলখাতে ব্যবহার করতে পারবে।
একনেকে অনুমোদিত সরকারি-বেসরকারি অংশীদারত্বের যেকোনো প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগ কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে।
এক্ষেত্রে তথ্য অধিকার আইনে ভিন্ন কিছু না থাকলে পিপিপি প্রকল্পে বেসরকারি অংশীদারের প্রাক্-যোগ্যতা যাচাই, দরপত্র, দরকষাকষি এবং অনুমোদন সংক্রান্ত কাগজপত্র গোপন রাখার কথা বলা হয়েছে।
আদালতের আদেশ বা সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি ছাড়া এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা যাবে না বলে আইনে উল্লেখ করা হয়েছে।
গত নয়ই জুলাই 'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬' এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভাবিনিয়োগ বাড়বে?
ইনভেস্ট বাংলাদেশ আইন পাসের ফলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা সহজ হবে বলে মনে করছে সরকার। আইনটি কার্যকর হলে আগামী কয়েক বছরের মধ্যে দেশি-বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যহারে বাড়বে বলেও আশা করছেন কর্মকর্তারা।
"বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগকারীদের সহায়তা এবং নীতি-সমর্থনের ক্ষেত্রে বাস্তব প্রভাব রাখবে এমন উদ্যোগগুলোতে সরকারের সুস্পষ্ট মনোযোগের জন্য আমরা কৃতজ্ঞ," আইন পাস হওয়ার পর এক বিবৃতিতে বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বর্তমান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি একইসঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষেরও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন।
মি. চৌধুরী বলছেন, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে ধরনের বড় বিনিয়োগ প্রয়োজন, সেটি বাংলাদেশে আনতে হলে বিনিয়োগকারীদের জন্য একটি সত্যিকারের 'ওয়ান-স্টপ সার্ভিস' কাঠামো গড়ে তোলার বিকল্প নেই।
"দেশি-বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরেই এমন একটি সমন্বিত বিনিয়োগ সংস্থার সুপারিশ করে আসছেন," বলেন মি. চৌধুরী।
বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (আঙ্কটাড) থেকেও বিডা, বেজা এবং পিপিপি কর্তৃপক্ষকে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান তৈরির পরামর্শ দেওয়া হয়েছিল।
রাষ্ট্রক্ষমতা গ্রহণের পাঁচ মাসের মাথায় সেটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার।
"আমরা বিশ্বাস করি, ইনভেস্ট বাংলাদেশ বিনিয়োগকারীদের আরো কার্যকরভাবে সেবা দিতে পারবে এবং প্রতিযোগিতামূলক বৈশ্বিক বিনিয়োগ পরিমণ্ডলে বাংলাদেশের ভ্যালু প্রপোজিশন আরো শক্তভাবে তুলে ধরতে সক্ষম হবে," বিবৃতিতে বলে বিডা'র শীর্ষ কর্মকর্তা মি. চৌধুরী।