সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু আগামী বছর

আহমেদ আযম খান— ফাইল ছবি
সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ আগামী বছর থেকে শুরু করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেছেন, ‘এ পর্যায়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিজস্ব নির্ধারিত জমিতে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এজন্য স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সঠিক জমিতে বাড়ি নির্মাণ নিশ্চিত করতে নিজস্ব জমি রয়েছে— এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।’
আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
আহমেদ আযম খান বলেছেন, ‘আবাসন প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার এরই মধ্যে এ পর্যায়ের কার্যক্রম স্থগিত করেছে। এখন দ্বিতীয় পর্যায়ের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী বছর থেকে এ পর্যায়ের বাস্তবায়ন শুরু হবে।’
আগের প্রকল্পের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, ‘জমির মালিকানাসংক্রান্ত জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এ সমস্যা সমাধানে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে আবাসন সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’



