সংসদে অর্থমন্ত্রী
শেয়ারবাজারের ১৫ বছরের অনিয়ম তদন্তে হবে বিশেষ কমিশন

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে গত ১৫ বছরের অনিয়ম তদন্তে বিশেষ কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র তুলে ধরেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মূলধন গঠনে ব্যাংকিং খাতের পরিবর্তে শেয়ারবাজারকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের বিষয়ে আমরা নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছি, যা বাস্তবায়নে উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হচ্ছে।’
তিনি বলেছেন, ‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে প্রকৃত স্বাধীনতা দেওয়া হবে।’
‘এছাড়া বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুঁজিবাজারে গত ১৫ বছরের অনিয়ম তদন্তে বিশেষ কমিশন গঠন করা হবে।’ - যোগ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী জানালেন, পাশাপাশি করপোরেট বন্ড, সুকুক ও গ্রিন বন্ড চালু করে পুঁজিবাজারকে বহুমাত্রিক করা হবে। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ ও রাজস্বের স্বাভাবিক চক্রকে সচল করার মাধ্যমে আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করবে।
সংসদে দেওয়া বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে আর্থিক খাতে বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র উঠে আসে। সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়কালের আর্থিক খাতের চিত্রও বর্ণনা করেন তিনি।














