প্রত্যাশা নেত্রীদের
ত্যাগীরাই পাবেন সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন

ছবিঃ আগামীর সময়
বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দেড় যুগের আন্দোলনে সম্পৃক্ত ‘দলের ত্যাগীরাই' ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা বিএনপির নেত্রীদের। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১০ এপ্রিল) দলীয় ফরম সংগ্রহ করতে আসা নেত্রীরা বলেন এ কথা।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরম বিক্রি হয়েছে একশ’র বেশি। আর বিকেল তিনটা পর্যন্ত সাড়ে তিন’শ ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল ইসলাম তেনজিং। লাইন ধরে ফরম সংগ্রহ করেছেন নেত্রীরাই।
ফরম কিনতে এসেছেন তৃণমূলের নেত্রী থেকে শুরু করে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীরা। তাদের মধ্যে শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, বেবি নাজনীন, বিলকিস ইসলাম, নিপুণ রায় চৌধুরী, সানজীদা ইসলাম তুলি, পেয়ারা মোস্তফা, শাহজাদী আখতার পাঁপড়িসহ সাবেক সাংসদরা।
বেলা ১১টা থেকে ফরম বিক্রির শুরু করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী।
প্রথম ফরমটি রিজভী তুলে দেন জেরিন দেলোয়ার হোসেনের হাতে। দ্বিতীয় ফরমটি নেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিণী ফাতেমা আসাদ।
মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম উঠানো এবং জমা দেয়া যাবে। জমা দেওয়ার সময়ে প্রার্থীদের জামানত দিতে হবে ৫০ হাজার টাকা।
সংরক্ষিত আসনে সদস্য হওয়ার যোগ্যতা তুলে ধরে রিজভী বলেছেন, বিগত ১৬ /১৭ বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার দক্ষতাসহ অন্যান্য যেসব যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতিনির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নিবেন- কারা চূড়ান্ত মনোনয়ন পাবেন।
তিনি উল্লেখ করেন, পার্লামেন্টারি বোর্ড যে সিদ্ধান্ত নেবেন, মানতে হবে সেই সিদ্ধান্ত। এটা (মনোনয়ন) আমি পেলাম না এবং 'ও' পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রি পরিবেশ তৈরি করা। বিরত থাকতে হবে এসব থেকে।
‘আমার জীবন বিএনপিকে নিয়ে’
বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে চিকিৎসক খন্দকার আখতারা খাতুন লুনা বলেছেন, আমি বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোট বেলা থেকেই বিএনপিতে যুক্ত। আমার গোটা পরিবারই বিএনপির রাজনীতি করে। আমরা মনে-প্রাণে এই দল, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। সর্বোপরি দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের পথ প্রদর্শক।
তিনি দাবি করেন, 'আমার জীবন বিএনপিকে ঘিরে, আমার মন বিএনপিকে নিয়ে। আমার এলাকার মানিকগঞ্জের মানুষজন চায় আমি সংসদ সদস্য হই।'
এক-এগারোর কঠিন সময়ে জিয়া পরিবার এবং বিএনপির ওপর যখন নির্মম নির্যাতন নেমে আসে, তখন খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। ওই সময়ের কথা বলতে গিয়ে লুনা ও তার ছোট ভাই খন্দকার আকতার হামিদ পবনকে দেখা যায় আবেগপ্রবণ।
‘এখন নারীদের চুপ থাকলে চলবে না, কথা বলতে হবে’
ফরম সংগ্রহ করা জেরিন দেলোয়ার হোসেন বলেছেন, ‘আমি কাজ করতে চাই- এটাই আমার প্রত্যাশা। আমি মহিলাদের জন্য, কন্যা শিশুদের জন্য ৩০ বছর ধরে কাজ করে আসছি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে। তারা আমাকে ভোট দিয়ে গভর্নর বানিয়েছে ৪ টা দেশের। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং নেপাল। নারী এবং বাল্যবিবাহ রোধে আমি দুই মিনিট পিচ করেছি ব্রিজবেনে এবং সেখানে ওরা আমার কথা শুনেছে। ১৩টা দেশের মধ্যে তারা যুক্ত করেছে বাংলাদেশকে। বাগেরহাটে হাফ মিলিয়ন ডলার দিয়েছে জন্টা ইউনাইটেড নেশনস। ইউএনএইচসিআর সেটা নিয়ে কাজ করছে বাগেরহাটে।'
‘আমি কাজ করতে চাই নারীদের জন্য। আমাদের চুপ থাকার টাইম চলে গেছে। এখন কথা বলতে হবে, আমাদের প্রেজেন্সকে দেখাতে হবে। ‘যে ‘না’ আমরা পারি’— যোগ করেন তিনি।
নারীদের দুঃখের কাহিনী তুলে ধরে জেরিন জানান, ‘বাল্যবিবাহ হচ্ছে রুট কাজ, একটা মেয়ের দুঃখের কাহিনী এবং সেখান থেকেই শুরু হয় তার কষ্ট। সুতরাং বাল্যবিবাহ যদি বন্ধ করতে পারি এবং শিক্ষা যদি আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় কমে যাবে বাল্যবিবাহ।’
‘তৃণমূলের জন্য কাজে সংসদে যেতে চাই’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেত্রী আরিফা সুলতানা রুমা স্পষ্ট করেন, ‘আসলে আমি একজন নির্যাতিত নারী। কারণ, এক-এগারো থেকে শুরু করে চব্বিশের ৫ আগস্ট পর্যন্ত আমি আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম ফুলটাইম। আমি জানি আসলে তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ, সেই অভিজ্ঞতা রয়েছে আমার।’
‘আমি বিশ্বাস করি, দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারব। আর আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী। আমি নারীদের জন্য কাজ করি এবং ভবিষ্যতেও দল আমাকে দায়িত্ব দিলে নারীদের জন্য কাজ করব।’
‘অসহায় নারীদের জন্য কাজ করতে চাই’
শাহজাদী আখতার পাঁপড়ি উল্লেখ করেন, ‘দল যদি আমাকে সংরক্ষিত আসনে নারী এমপি হিসেবে নির্বাচিত করে, তাহলে কাজ করতে চাই আমার এলাকায়। আমার এলাকা শরীয়তপুর, অবহেলিত একটা জনপদ, সেই অবহেলিত জনপদে যেসব নিঃস্ব-অসহায় নারী আছে তাদের জন্য আইনি সহায়তা দিতে আমি আইনজীবী হিসেবে কাজ করতে চাই।’
‘দল যদি আমাকে মনোনয়ন দেয় বা নির্বাচিত করে, তাহলে আমি কাজ করব অসহায় নারীদের নিয়ে, এলাকার মানুষদের নিয়ে’— যোগ করেন তিনি।
‘বিএনপিতে থেকেই আমি মরতে চাই’
কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেছেন, ‘প্রত্যাশার তো কোনো শেষ নেই, প্রত্যাশা করে আছি। ছোটবেলা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে অনেক পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমার ভালো লাগা। এরপরে আমার সৌভাগ্য হয়েছে বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পাওয়ার; আমি দেখেছি অত্যন্ত একজন ভালো মানুষ, প্রচণ্ড ভালো মনের মানুষ ছিলেন তিনি। তার মতো হওয়ার চেষ্টা করছি আমি ।’
‘আমি আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের হাল ধরেছেন, যেভাবে কাজ করছেন, আমরা মুগ্ধ। আমরা চাই, ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ তিনি আমাদের উপহার দিবেন, এ দেশকে সামনের দিকে এগিয়ে নেবেন’— উল্লেখ করেন শিল্পী রিজিয়া পারভিন।
‘আজকে ফিরে এসেছে প্রাণ ’
ঢাকা মহানগর মহিলা দলনেত্রী বেগম মেহেরুন্নেসা হক বলেছেন, ‘আজকে এত বছর পরে মনে হয় যেন ফিরে আসছে প্রাণ; এত যুদ্ধ করার পরে এবার মনে হয় যেতে পারব সংসদে।’
‘আমার দল যাকে ভালো মনে করে, যাকে যোগ্যতাসম্পন্ন মনে করে তাকে দেবেন মনোনয়ন। আমরা আশা করি, নারীরা যেন একে একে এভাবে এগিয়ে যেতে পারে।’
‘নির্যাতিত নারীরা দলের খাঁটি সোনা’
মহিলা দলনেত্রী ফরিদা ইয়াসমিনের ভাষ্য, ‘যারা নির্যাতিত তাদের অবশ্যই এবার মূল্যায়ন করা উচিত। কারণ, ফ্যাসিবাদী আন্দোলনে মেয়েদের যে ভূমিকা ছিল, তা অতুলনীয়। সেই সময় রাস্তায় নামতে পারতো না ছেলেরা-পুরুষরা। অথচ নারীরা যে পদক্ষেপ রেখেছিল, যে ভূমিকা রেখেছিল- এই নারীরা কারা? এদের এনেই মূল্যায়ন করা উচিত।’
গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
নির্বাচন কমিশন বলেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩ টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।














