আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

সংগৃহীত ছবি
আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। তাদের মধ্যে বাংলাদেশসহ রয়েছেন আরও কয়েকটি দেশের নাগরিক।
শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, আরব সাগরের উত্তর অংশে পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে ‘গোল্ড অটাম’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাঠানো হয় জরুরি সংকেত। এরপরই তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু পাকিস্তান নৌবাহিনী।
সফলভাবে নাবিকদের উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। এরপর প্রাথমিক চিকিৎসা দেন উদ্ধারকৃতদের।
উদ্ধার করা নাবিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, মিয়ানমার, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিক। তাঁদের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। উন্নত চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের নেওয়া হয়েছে করাচিতে।
পাকিস্তানের আইএসপিআর আরও জানায়, গত মার্চ মাসে সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্য সুরক্ষায় বিশেষ অভিযান শুরু করেছিল পাকিস্তান। নিজেদের সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো দেশের মানুষের জীবন বাঁচাতে মানবিক কর্মকাণ্ডে পাকিস্তান নৌবাহিনী সব সময় তৎপর।

