প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নিলেন শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা।
আজ রবিবার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত ২১ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে— উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এ ছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।




