দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-সুইজারল্যান্ডের বৈঠক

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ষষ্ঠ দ্বিবার্ষিক রাজনৈতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের সহকারী পররাষ্ট্র সচিব ও এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লাইটনার।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি অগ্রাধিকারভিত্তিক খাতে সহযোগিতা আরও গভীর করার সুযোগ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় কূটনৈতিক সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিসহ উদীয়মান খাতে বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।
ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বাংলাদেশে সুইস বিনিয়োগের শক্তিশালী উপস্থিতির প্রেক্ষাপটে উভয়পক্ষ অর্থনৈতিক অংশীদারত্বকে দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে।
বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখা এবং সুইস বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে উভয় দেশ ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপক্ষীয়, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত মনোযোগ ও সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।
এ ছাড়া জাতিসংঘ ও জেনেভাভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা আরও জোরদার করা এবং সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকের পর রাষ্ট্রদূত মার্কাস লাইটনার ও সুইস প্রতিনিধিদল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।



