মেধাবীদের প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

সংগৃহীত ছবি
মেধাবীদের প্রতিভা ও দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখতে এইচআর প্রফেশনালদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও বিকাশে মানবসম্পদ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস আয়োজিত ‘৮ম জাতীয় মানবসম্পদ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য দক্ষতার পুনর্গঠন’।
জনপ্রশাসন উপদেষ্টা বললেন, কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয় প্রযুক্তি ও ডিজিটালাইজেশন উৎপাদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য ও জনপ্রশাসনসহ সব ক্ষেত্রে পরিবর্তন আনছে। প্রযুক্তি অগ্রগতির চালিকাশক্তি হলেও প্রকৃত অগ্রগতি সৃষ্টি করে মানুষ। তাই প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
দেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৮ দশমিক ৫ শতাংশ। উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে এ হার প্রায় ২৫ শতাংশ। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন উৎপাদন খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি, স্মার্ট উৎপাদনব্যবস্থা, ডিজিটাল সরবরাহব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মান নিয়ন্ত্রণের ব্যবহার বাড়ালে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সফটওয়্যার উন্নয়ন, সাইবার নিরাপত্তা, বিজনেস প্রসেস আউটসোর্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় দেশের সক্ষমতা বাড়াতে হবে। শুধু আন্তর্জাতিক শ্রমবাজারে শ্রমশক্তি সরবরাহ নয়, দক্ষ পেশাজীবী, প্রযুক্তিসেবা ও উদ্ভাবনের ক্ষেত্রেও বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে গ্রামীণ তরুণদের জন্য ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন—যুক্তরাজ্যের মাইকেল এ. পটার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মি. মাইকেল এ. পটার, কানাডার প্রফেসর ড. ড্যানিয়েল ডব্লিউ. লান্ড, ভারতের আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সাবেক অধ্যাপক ও টিভিআরএলএসের চেয়ারম্যান প্রফেসর ড. টি. ভি. রাও, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্টের সাবেক জাতীয় সভাপতি ড. এম. এইচ. রাজা, ভারতের ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান মি. সুরিত শোম, শ্রীলঙ্কার চার্টার্ড ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্টের সভাপতি ড. নিল বোগাহালান্দে, শ্রীলঙ্কার সিনিয়র অধ্যাপক প্রফেসর ড. অজন্তা ধর্মাশিরি এবং ফিলিপাইনের প্রফেসর ড. জুড উইলিয়ামস জেনিলো।



