চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শিক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করাই তার এ সফরের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ঢাকা ত্যাগের সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।
সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। এসব বৈঠকে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া চীনে শিক্ষা–সম্পর্কিত বিভিন্ন ফোরাম ও সম্মেলনে অংশ নেবেন মন্ত্রী। সফরের অংশ হিসেবে দেশটির বিভিন্ন কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটও পরিদর্শন করার কথা রয়েছে। সেখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবেন তিনি।
সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাসংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এসব সমঝোতার মাধ্যমে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।






