তথ্যমন্ত্রী
গণমাধ্যমের ওপর কোনো নিয়ন্ত্রণ নয়

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। গতকাল রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানালেন।
সভা শুরুর আগে সকাল সাড়ে ৯টায় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বললেন, ‘সংবাদমাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই কালচার থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’ জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেছেন, সংবাদমাধ্যম বা সাংবাদিকদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই।






