জনস্বার্থে কাজ ও স্বচ্ছ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান পার্বত্য সচিবের

সংগৃহীত ছবি
জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কানিজ মওলা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রথম কর্মদিবসে সচিব কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মুঠোফোনে মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি এমপির সঙ্গে মতবিনিময় করেন তিনি।
দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সচিব। এতে প্রথম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) পূরণ, অনুস্বাক্ষর, প্রতিস্বাক্ষর, দাখিল ও সংরক্ষণ, ডিজিটাল এসিআর এবং গোপনীয় অনুবেদন অনুশাসনমালা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সচিব কানিজ মওলা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কাজ করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ত্রিপক্ষীয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের অবশ্যই অংশ নিতে হবে। এসব সভায় সাধারণত বিরোধ নিষ্পত্তি, নীতিনির্ধারণ ও পারস্পরিক চুক্তির বিষয়ে আলোচনা হয়। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ অংশগ্রহণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মপরিবেশ উন্নয়ন ও পরচর্চামুক্ত প্রশাসনিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনস্বার্থে কাজ করার পাশাপাশি কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। কর্মজীবনের সুন্দর মুহূর্তগুলো যেন সহযোগিতাপূর্ণ পরিবেশে কাটে, সেটিই সবার লক্ষ্য হওয়া উচিত।
সচিব আরও বলেন, ‘আমার দরজা সবার জন্য খোলা। আমরা রাষ্ট্রের সেবা প্রদান করি এবং এ রাষ্ট্রের মালিক জনগণ। আমি যেমন সেবাদাতা, ঠিক তেমনি অন্য ক্ষেত্রে আমিও সেবাগ্রহীতা। তাই সেবাদাতা ও সেবাগ্রহীতার সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য থাকতে হবে। অফিস চলাকালীন পুরো সময় জনস্বার্থের দিকে খেয়াল রেখে সবাইকে কাজে মনোনিবেশ করতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়গুলো পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সচিবের সামনে তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকার, কাজী তোফায়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



