সময়ের তাড়া’য় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার, পুলিশও অসহায়

ছবি: আগামীর সময়
একদিকে পথচারীদের জন্য সড়কে লাল বাতি জ্বলছে, অন্যদিকে চলন্ত গাড়ির ফাঁক গলে রাস্তা পার হচ্ছেন তারা। কেউ হাত তুলে গাড়ি থামানোর চেষ্টা করছেন, কেউ আবার একটু সুযোগ পেয়েই দৌড়ে পার হচ্ছেন সড়ক। কয়েক মিনিট অপেক্ষা করার ধৈর্য নেই অনেকের। অথচ এই তাড়াহুড়োই কখনো কেড়ে নিচ্ছে প্রাণ, কখনো তৈরি করছে দুর্ঘটনার ঝুঁকি।
রাজধানীর শাহবাগ থেকে কারওয়ান বাজার, গুলিস্তান, সায়েন্স ল্যাব কিংবা মিরপুর, চিত্র প্রায় একই। সম্প্রতি শাহবাগ মোড়ে গিয়ে দেখা গেল, জাতীয় জাদুঘরের পাশ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে যেতে ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা করছেন না অনেক পথচারী। গাড়ির গতি কিছুটা কমতেই তারা রাস্তা পার হতে শুরু করেন। প্রশ্ন উঠছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি শুধু চালক ও ট্রাফিক পুলিশের, নাকি পথচারীদেরও কিছু দায়িত্ব রয়েছে?
সিগন্যালের অপেক্ষা না করে এভাবে রাস্তা পার হচ্ছেন কেন, জানতে চাইলে সোহেল খন্দকার নামের এক পথচারী আগামীর সময়কে বলেন, ‘সংকেত পরিবর্তন হতে কয়েক মিনিট সময় লাগে। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। তা ছাড়া সবাই এভাবেই পার হন।’
শাহবাগ মোড়ে পথচারীদের পারাপারের জন্য দুটি ফুটওভার ব্রিজ থাকলেও সেগুলোর ব্যবহার কম। দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মো. মাহফুজের ভাষ্য, সিগন্যাল পড়লে তারা যানবাহন থামিয়ে দেন, কিন্তু পথচারীদের থামানো যাচ্ছে না। একদিকে মনোযোগ দিলে অন্যদিকে যানবাহন বিশৃঙ্খল হয়ে পড়ে। এর মধ্যে অটোরিকশাও সিগন্যাল মানতে চায় না। ফলে একসঙ্গে সবকিছু সামলানো কঠিন হয়ে যায়।
ট্রাফিক পুলিশের আরেক সদস্য রফিকুল ইসলাম বলেন, পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে না চাইলে তাদের জন্য নির্ধারিত সংকেত মেনে সড়ক পার হওয়ার নিয়ম রয়েছে। কিন্তু অনেকের এত তাড়া থাকে যে দুই মিনিট অপেক্ষা করতেও চান না।
অথচ সড়ক দুর্ঘটনায় রাজধানীতে প্রাণ হারানো ব্যক্তিদের বড় একটি অংশই পথচারী। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ঢাকায় ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৯২ জনই পথচারী, যা মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ।
সংস্থাটির মাসিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্টে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন। ওই মাসে মোট প্রাণহানির প্রায় ২১ শতাংশ ছিলেন পথচারী। এর আগের মাসে নিহত পথচারীর সংখ্যা ছিল ১০৬।
পথচারীদের অসতর্কতায় ঝুঁকিতে পড়ছেন চালকেরাও। তাদের অভিযোগ, অনেক পথচারী ফুটপাত থেকে হঠাৎ সড়কে নেমে আসেন কিংবা চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হতে শুরু করেন। এতে তাৎক্ষণিক ব্রেক কষতে হয়, যা দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে। গাড়িতে থাকা বিভিন্ন বয়সী যাত্রীরাও এমন আকস্মিক ঝাঁকুনিতে সমস্যায় পড়েন।
মোটরসাইকেলচালক আহসান উল্লাহর দাবি, অনেক পথচারী জেব্রা ক্রসিং ছাড়াই ইচ্ছামতো রাস্তা পার হন। কেউ কেউ মোটরসাইকেলের দিকে হাত তুলে থামার ইশারা করেন। হঠাৎ গতি কমাতে গিয়ে এখন পর্যন্ত দুবার মোটরসাইকেলসহ পড়ে গেছেন তিনি।
বাংলাদেশে পথচারীদের এই প্রবণতা নতুন নয়। কয়েক বছর আগে ঢাকার সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা রোভার ও স্কাউটদের অভিজ্ঞতাতেও উঠে এসেছিল একই চিত্র। একটু বেশি হাঁটতে হবে বলে অনেক পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না। নির্ধারিত জায়গা দিয়ে রাস্তা পার হওয়ার অনুরোধও অনেকে শোনেন না।
তাদের পর্যবেক্ষণ ছিল, নিয়ম ভাঙা মানুষকে অনুসরণ করার প্রবণতা বেশি, কিন্তু নিয়ম মেনে চলা ব্যক্তিদের অনুসরণ করেন কম মানুষ। শাস্তির ভয় দেখানোর আগ পর্যন্ত অনেকেই আইনের পরোয়া করেন না।
অবশ্য পথচারীরা যেমন হঠাৎ করে ফুটপাত থেকে রাস্তায় নেমে পড়েন, তেমনি মোটরসাইকেল চালকেরাও আকস্মিক ফুটপাতে উঠে পড়েন বলে অভিযোগ করেছেন মিরপুরের বাসিন্দা মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘সড়ক পারাপারে যেসব দুর্ঘটনা হয় এর সঙ্গে পথচারী— চালক ও সড়ক কর্তৃপক্ষের গাফলতি লক্ষ্য করা যায়। আবার রাজধানীতে এমন কিছু ব্যস্ততম মোড় রয়েছে, যেখানে ফুটওভার ব্রিজ হয়নি। অথচ মানুষের চলাচল সীমিত এমন স্থানে তৈরি হয়েছে অনেক ব্রিজ।’
পথচারীদের দায়িত্ব কি
পথচারীদের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করে সম্প্রতি প্রবিধানমালার খসড়া তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ‘পথচারী নিরাপত্তা প্রবিধানমালা, ২০২৫’ শীর্ষক ওই খসড়ায় রাস্তা পারাপারের নিয়ম ভাঙাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব রয়েছে।
খসড়া অনুযায়ী, ফুটপাত থাকলে পথচারীদের তা ব্যবহার করতে হবে এবং রাস্তা পার হতে হবে নির্ধারিত স্থান দিয়ে। সিগন্যাল নিয়ন্ত্রিত মোড়ে পথচারীদের জন্য পারাপারের সংকেত জ্বললেই রাস্তা পার হওয়া যাবে। হঠাৎ সড়কে নেমে এমনভাবে পারাপারের চেষ্টা করা যাবে না, যাতে চালক যানবাহনের গতি নিয়ন্ত্রণের পর্যাপ্ত সময় না পান।
এ ছাড়া রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ও হেডফোন ব্যবহারের বিষয়টিও এসেছে সেখানে। এসব গ্যাজেট পথচারীদের মনোযোগ কেড়ে নেয়। ফলে যানবাহনের শব্দ শোনার ক্ষমতা ব্যাহত হয়। ফুটপাত না থাকলে সড়কের ডান পাশ দিয়ে, অর্থাৎ যে দিক থেকে যানবাহন আসছে তার বিপরীতমুখী হয়ে হাঁটতে হবে। অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যানসহ জরুরি যান চলাচলের সময় নিরাপদ দূরত্বে সরে যাওয়ার দায়িত্বও পথচারীদের ওপর দেওয়া হয়েছে।
তবে খসড়ায় শুধু পথচারীদের দায়িত্ব নির্ধারণ নয়, তাদের নিরাপদ চলাচলের পরিবেশ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
বয়স ও শারীরিক সক্ষমতা বিবেচনায় জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাসের মতো পারাপারের সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সমতলে রাস্তা পারাপারকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি যেখানে তা সম্ভব নয়, সেখানে র্যাম্প, লিফট বা চলন্ত সিঁড়িসহ ফুটওভার ব্রিজ কিংবা আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রয়েছে। নির্ধারিত পারাপারের স্থানে পর্যাপ্ত আলো, নিরাপত্তা ও প্রয়োজনীয় সংকেত নিশ্চিত করতে হবে। বলা হয়েছে নির্দিষ্ট দূরত্ব অন্তর সমতলে পারাপারের ব্যবস্থা এবং প্রয়োজনে ফুটপাতের পাশে রেলিং স্থাপনের কথাও।
অন্যদিকে, প্রস্তাবিত ‘সড়ক নিরাপত্তা আইন-২০২৬’-এর খসড়াতেও পথচারীদের নিয়ম না মানার ক্ষেত্রে শাস্তির বিধান রাখার কথা বলা হয়েছে। গত অক্টোবরে, প্রস্তাবিত এই আইনের ৭৪ ধারা অনুযায়ী, কোনো পথচারী ফুটপাত ব্যবহার না করলে প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা হতে পারে। একই অপরাধ দ্বিতীয় বা পরবর্তী সময়ে করলে জরিমানা দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে।
নতুন আইনের খসড়ায় দুর্ঘটনার পর আহত ব্যক্তির চিকিৎসা এবং উদ্ধারকারীদের সুরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংকটপূর্ণ ‘গোল্ডেন আওয়ারে’ আহত ব্যক্তিকে বিনামূল্যে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়ার বাধ্যবাধকতা রাখার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে হাসপাতালে নিতে এগিয়ে আসা স্বেচ্ছাসেবী বা উদ্ধারকারীদের দেওয়ানি ও ফৌজদারি মামলা থেকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য, আইনি হয়রানির ভয়ে কেউ যেন আহত ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে আসতে নিরুৎসাহিত না হন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রস্তাবিত আইনটির খসড়া তৈরি করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম জানিয়েছিলেন, ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়াটি শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এদিকে, পথচারীদের শাস্তির আওতায় আনার উদ্যোগের আগে তাদের জন্য নিরাপদে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আগামীর সময়কে বলেন, ‘শাস্তির আওতায় আনার আগে পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত, ফুটওভার ব্রিজ ও পর্যাপ্ত পারাপারের ব্যবস্থা করতে হবে।’
নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হকও মনে করেন, আইন প্রয়োগের আগে পথচারীদের সচেতন করা জরুরি।
সব মিলিয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালক, পথচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সবারই দায়িত্ব রয়েছে। পথচারীদের যেমন সংকেত উপেক্ষা করে রাস্তা পার হওয়া থেকে বিরত থাকতে হবে, তেমনি তাদের জন্য নিরাপদ পারাপারের সুযোগও নিশ্চিত করতে হবে। শুধু শাস্তির বিধান নয়, সচেতনতা, কার্যকর আইন প্রয়োগ ও পথচারীবান্ধব অবকাঠামো গড়ে তোলার মাধ্যমেই শৃঙ্খলা ফিরবে সড়কে।





