ভোটকেন্দ্রে মুখের নিকাব খুলতে হবে কি?

সংগৃহীত ছবি
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ভোটের সময় বাড়ানো হয়েছে আরো এক ঘণ্টা।
ভোট শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং গুগলে নির্বাচন ঘিরে নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো— ভোটকেন্দ্রে পর্দানশীন নারী ভোটারদের নিকাব খুলতে হবে কি না।
নির্বাচনী আইন অনুযায়ী, ভোটারকে ব্যালট দেওয়ার আগে অবশ্যই তার মুখ দেখে পরিচয় নিশ্চিত করতে হবে। পোলিং অফিসার তালিকায় থাকা ছবির সঙ্গে মিলিয়ে ভোটারকে শনাক্ত করেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, মুখ না দেখালে পরিচয় যাচাই করা সম্ভব নয়; এমন পরিস্থিতিতে ব্যালট দেওয়া যাবে না। তবে পর্দানশীন নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, কোনো নারী ভোটার যদি পুরুষ পোলিং কর্মকর্তার সামনে নিকাব খুলতে না চান, তাহলে মহিলা পোলিং অফিসারের কাছে যাচাই করা হবে। নারী কর্মকর্তার সামনে মুখ খুললে তা পর্দা ভঙ্গ হিসেবে গণ্য হবে না। তবে কোনো কেন্দ্রে মহিলা কর্মকর্তা না থাকলে এবং সেই নারী ভোটার মুখ দেখাতে না চাইলে তাকে ভোট দিতে বাধ্য করা যাবে না এবং ভোট না দেওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই।
ইসির তথ্য অনুযায়ী, মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি দল। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫১ দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বমোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।



