ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য শুনল না বাংলাদেশ

ছবি: আগামীর সময়
আজারবাইজানের রাজধানী বাকুতে সিআইসিএ’র সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য বর্জন করল বাংলাদেশের প্রতিনিধিদল। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদ জানাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান তারা।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজ্যাক হারজোগের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই সম্মেলন কক্ষ ত্যাগ করেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা। এ ছাড়াও আরও কয়েকটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ফিলিস্তিনের সার্বভৌমত্ব এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সংহতি জানাতেই এমন পদক্ষেপ।
সিআইসিএ বা এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠাবিষয়ক এই সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বাংলাদেশের এমন অবস্থান ফিলিস্তিন ইস্যুতে ঢাকার দীর্ঘদিনের সমর্থন ও সংহতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।




