মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো ৩ বাংলাদেশি ফিরছেন কাল

মিয়ানমারের শোয়ে কুক্কু সিটিতে কিছু বাড়ি স্ক্যাম সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছবি: রয়টার্স
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-২১৮ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দেশের পথে ফেরা তিন বাংলাদেশি হলেন মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা।
ভুক্তভোগী ও পরিবারের অভিযোগের পর তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।
আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবকে (শ্রম) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল ব্যবস্থার আওতাধীন সেফ হোমে অবস্থানরত আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তাদের মধ্যে তিনজন আগামীকাল দেশে ফিরছেন। বাকি পাঁচজনের দেশে ফেরার আইনি প্রক্রিয়া চলছে।



