বাঁধনের ওপর হামলাকারীদের ছাড়বো না : তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান। ছবি: আগামীর সময়
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেছেন, বাঁধনের ওপর হামলা হয়েছে। আমরা ভিডিও দেখেছি। যারা হামলা করেছেন, তারাও নিজেরা ভিডিও করে সেটা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা ওই দেশে যা যা নেওয়া যায়, এটার প্রসেস শুরু হয়েছে। আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না। এটা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।
ইতালির ভেনিস শহরে গতকাল মধ্যরাতে আক্রান্ত হন বাঁধন। ফেসবুক লাইভে এসে তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, একটি পার্কে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে থাকা অবস্থায় একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক বলে বাঁধন দাবি করেছেন। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে দেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলছিলেন, ‘আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কি না, এই আলাপটা আমরা কেউ কেউ করেছি। আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না। ইট ইজ আ মাফিয়া গ্যাং।’
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না, বাঁধনের ওপর হামলার ঘটনা সেই প্রশ্ন আবারও সামনে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেছেন, আপনি (আওয়ামী লীগ) যা যা ঘটিয়েছেন, যদি আপনার ন্যূনতম দুঃখবোধ থাকতো, আপনার যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকতো, এই সহিংসতাগুলো করা হতো না। কোনোভাবেই হতো না।
‘শেখ হাসিনাকেই কেয়ার করিনি, আমরা ওই সময় শেখ হাসিনার ১৪ পুরুষকে পালাতে বাধ্য করেছি। আর সেখানে কিছু মাস্তান একটু পার্ক-টার্কে মাস্তানি করবে, উই ডোন্ট কেয়ার। তবে আমরা ছাড়বো না, নিশ্চিত ছাড়বো না’, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে বলছিলেন তথ্য উপদেষ্টা।






