স্বাস্থ্যমন্ত্রীর হার্টে বসল দুটি রিং, ছাড়পত্র পাবেন মঙ্গলবার

সংগৃহীত ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
হাসপাতালটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান আগামীর সময়কে বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা মন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে পরশু হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।
এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়। অপর ব্লকটির চিকিৎসায় বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি (বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি) প্রয়োগ করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
প্রসঙ্গত, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।



