ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার বিজয়ী লেখকদের নাম ঘোষণা

সংগৃহীত ছবি
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪ ও ২০২৫’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। দুই বছরের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২০২৪ সালের পুরস্কারে প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে ‘বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন আবুল আহসান চৌধুরী। কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে ‘সময় বহিয়া গেল’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন আনোয়ারা সৈয়দ হক। আর ‘জলমাকড়ের নৌকাবাইচ’ গ্রন্থের জন্য তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন নিজাম বিশ্বাস।
২০২৫ সালের পুরস্কারে প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে ‘পালকের চিহ্নগুলো’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন নাসরীন জাহান। কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে ‘মানচিত্র’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন শাহীন আখতার। এ ছাড়া ‘সায়ানাইড ফুল’ গ্রন্থের জন্য তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন মাহবুব ময়ূখ রিশাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন এবং দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।
এ ছাড়া সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। পুরস্কার হিসেবে আজীবন সম্মাননাপ্রাপ্ত প্রত্যেকে পেয়েছেন পাঁচ লাখ টাকা। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও কথাসাহিত্য শ্রেণির বিজয়ীরা পেয়েছেন তিন লাখ টাকা করে। তরুণ সাহিত্যিক পুরস্কারের বিজয়ীদের দেওয়া হয়েছে দুই লাখ টাকা। প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সম্মাননাপত্রও দেওয়া হয়।
আয়োজকেরা জানিয়েছেন, ২০২৪ সালের পুরস্কারের জন্য তিন শ্রেণিতে ৪৬০টি এবং ২০২৫ সালের জন্য ৫১০টি বই জমা পড়ে। সাহিত্যিক বেগম আখতার কামাল, গবেষক ও প্রাবন্ধিক ড. ফয়জুল লতিফ চৌধুরী, কবি আবিদ আনোয়ার এবং প্রাবন্ধিক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াসের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বইগুলো মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ বলেছেন, লেখক ও পাঠকদের সাহিত্যের প্রতি আরও আগ্রহী করে তুলতে এ পুরস্কার অনন্য ভূমিকা রাখছে। দেশের মানুষের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে এ উদ্যোগের মাধ্যমে কাজ করতে চায় ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেছেন, এ পুরস্কার দেশের সাহিত্য অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিশেষ করে তরুণ লেখকদের অনুপ্রাণিত করার পাশাপাশি পাঠকদের রুচিশীল বই পড়ার সুযোগ তৈরি করছে এটি। দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেছেন, সমকাল সব সময় দেশীয় সংস্কৃতি ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করে এসেছে। ভালো সাংবাদিকতার চর্চায় সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, সাহিত্য পুরস্কার আয়োজন সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখা ও আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।



