Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গাম্বিয়ার মামলার রায়ে লাভ হতে পারে বাংলাদেশের

  • রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণে রায় আজ
  • দেশে নিবন্ধিত রোহিঙ্গা ১২ লাখের বেশি; বাড়ছে অর্থনৈতিক সামাজিক ও নিরাপত্তার চাপ
সজিব ঘোষ
সজিব ঘোষ
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫
শেয়ার করুন:
গাম্বিয়ার মামলার রায়ে লাভ হতে পারে বাংলাদেশের

গ্রাফিকস: আগামীর সময়

ঘটনাটি ২০১৭ সালের। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা। এরপর পেরিয়ে গেছে ৯ বছরের বেশি। কিন্তু নিজ দেশে ফেরার পথ খোলেনি তাদের; বরং নতুন করে রোহিঙ্গাদের আগমনে আরও জটিল হয়েছে শরণার্থী সংকট। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।

এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণে আজ বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলার রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে এই রায় কি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে প্রত্যাবাসনের পথ খুলবে, নাকি বিচারিক স্বীকৃতির পরও নিজ দেশে ফেরার অপেক্ষা দীর্ঘ হবে— সে প্রশ্নই এখন বাংলাদেশের সামনে।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) প্রকাশ্যে রায় ঘোষণা করবেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া। ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি করে গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশন লঙ্ঘনের অভিযোগে করা মামলাটির মূল বিচারিক শুনানি অনুষ্ঠিত হয় চলতি বছরের ১২ থেকে ২৯ জানুয়ারি। প্রায় সাত বছরের আইনিপ্রক্রিয়া শেষে আজ সিদ্ধান্ত জানাবেন আদালত।

মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করা হলে আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিকার এবং নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর সুযোগ সৃষ্টি হতে পারে। তবে আইসিজের রায় হলেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে, এমন নিশ্চয়তা নেই।

মিয়ানমারের বিরুদ্ধে রায় গেলে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি আগামীর সময়কে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে মিয়ানমার আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হলে বাংলাদেশের পক্ষে দেশটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা সম্ভব। তবে রায়ের ফলে সরাসরি প্রত্যাবাসনের পথ খুলে যাবে, এমনটি মনে করার কারণ নেই। রায়কে মিয়ানমার কীভাবে দেখছে এবং পরে আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর কতটা চাপ প্রয়োগ করছে, তার ওপরই এর প্রভাব নির্ভর করবে।’

রায় মিয়ানমারের বিরুদ্ধে গেলে দেশটি নৈতিকভাবে চাপে পড়বে এটি ঠিক। কিন্তু মিয়ানমার নীতি-নৈতিকতার ধার ধারে কি না— সে প্রশ্ন তুলছেন সাবেক পররাষ্ট্র সচিব কামরুল আহসান। তিনি আগামীর সময়কে বলছিলেন, ‘মিয়ানমারকে একমাত্র চাপে ফেলতে পারে চীন। মিয়ানমার আবার চীনের জন্য গুরুত্বপূর্ণ। ফলে চীন চাপ না দিলে রায়ে যা-ই থাকুক, মিয়ানমারকে নিজ অবস্থান থেকে সরানো কঠিন হবে।’

মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি মনে করেন, ‘২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা হয়েছে।’ গতকাল বুধবার ঢাকায় সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘রাখাইনে এখনো রোহিঙ্গারা সহিংসতার শিকার হচ্ছেন। তারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে চান।’

অভিযোগ ও আইনি পথ

২০১৭ সালের আগস্টে করা মামলার কেন্দ্রে রয়েছে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর অভিযান। ওই বছরের ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কয়েকটি স্থাপনায় হামলা চালানোর পর উত্তর রাখাইনে ব্যাপক সামরিক অভিযান শুরু হয়। মিয়ানমার সরকার একে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করলেও জাতিসংঘের অনুসন্ধান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ উঠে আসে।

মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির বক্তব্য, সেনাবাহিনীর অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান; কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে তা পরিচালিত হয়নি।

গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের জাতিগত ও ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। গাম্বিয়ার আবেদনের পর ২০১৯ সালের ডিসেম্বরে আইসিজেতে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে মিয়ানমারের পক্ষে তৎকালীন বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি আদালতে উপস্থিত হয়ে গণহত্যার অভিযোগের বিরোধিতা করেন।

২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত অন্তর্বর্তী আদেশ দেন। এতে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, দেশটির সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীগুলোকে গণহত্যামূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতি ছয় মাস অন্তর আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও ছিল।

এরপর মিয়ানমার মামলার এখতিয়ার ও গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায়। ২০২২ সালের ২২ জুলাই আইসিজে সেই আপত্তি খারিজ করে দেন। চলতি বছরের ১২ থেকে ২৯ জানুয়ারি মূল অভিযোগের ওপর প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। এতে গাম্বিয়া ও মিয়ানমার উভয়পক্ষ নিজেদের যুক্তি, নথি, সাক্ষ্য ও বিশেষজ্ঞের বক্তব্য উপস্থাপন করে।

আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণের জন্য শুধু হত্যাকাণ্ড বা ব্যাপক নির্যাতনের ঘটনা প্রতিষ্ঠা করাই যথেষ্ট নয়। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ উদ্দেশ্যে নির্দিষ্ট কর্মকাণ্ড সংঘটিত হতে হয়। এর মধ্যে রয়েছে গোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি, তাদের ধ্বংসের উপযোগী জীবনযাপনের পরিস্থিতি সৃষ্টি, সন্তান জন্মদান প্রতিরোধের ব্যবস্থা এবং শিশুদের জোর করে অন্য গোষ্ঠীতে স্থানান্তর।

তাই আইসিজেকে শুধু রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বাস্তুচ্যুতির অভিযোগ বিবেচনা করলেই হবে না; এসব কর্মকাণ্ডের পেছনে গণহত্যার বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তাও নির্ধারণ করতে হবে। সামরিক অভিযান, অপরাধের ধরন ও ব্যাপ্তি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে এই উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছে কি না, তা রায়ের গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ এই রায়

ইউএনএইচসিআরের ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখ ৮ হাজার ১৮। এর মধ্যে কক্সবাজারের বিভিন্ন শিবিরে রয়েছেন ১১ লাখ ৭৪ হাজার ৯৭৫ এবং নোয়াখালীর ভাসানচরে ৩৩ হাজার ৪৩ জন। ২০২৪ সালের শুরু থেকে মিয়ানমারে নতুন করে সংঘাতের কারণে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি হয়েছে। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার পাশাপাশি পরিবেশ, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে আসায় আরও কঠিন হয়ে উঠেছে সংকট মোকাবিলা।

জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলোর ২০২৬ সালের যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে ৭১০ দশমিক ৫ মিলিয়ন ডলারের সহায়তা চাওয়া হয়। পরিকল্পনায় স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনকে অন্যতম কৌশলগত লক্ষ্য হিসেবে রাখা হয়েছে।

জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে গত ১১ নভেম্বরের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমন্বিত কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি ও সীমান্ত নিরাপত্তার ওপর চাপ বাড়ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রায়ের পর কী

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায় ঘোষণা, বেআইনি কর্মকাণ্ড বন্ধ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিকার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না ঘটার নিশ্চয়তা চেয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, সম্পত্তি ফেরত বা প্রতিস্থাপন এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিও রয়েছে।

আইসিজের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর জন্য চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই, যা দিয়ে রায় বাস্তবায়ন করানো যায়। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অন্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদের রাজনৈতিক বাস্তবতা ও স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে রায় কার্যকর করা জটিল হয়ে উঠতে পারে।

এ ছাড়া এই মামলায় কোনো ব্যক্তির কারাদণ্ড বা গ্রেপ্তারের আদেশ দেওয়া হবে না। এটি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের মামলা। মিয়ানমারের সামরিক কর্মকর্তা বা অন্য ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় নির্ধারণের বিষয়টি পৃথক আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। সব মিলিয়ে আজকের রায় শুধু মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক নিষ্পত্তি নয়; এটি রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন এবং বাংলাদেশের দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের ভবিষ্যতের সঙ্গেও যুক্ত।

গাম্বিয়ামামলাবাংলাদেশঅভিযানরোহিঙ্গাশরণার্থীগণহত্যাআইসিজে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

    উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার