নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন ড. মামুন আহমেদ

সংগৃহীত ছবি
ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদের ১৬তম সভায় তাঁকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত করা হয়।
নতুন চেয়ারম্যান হিসেবে তিনি শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ হবে পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর, যেটি আগে ঘটে।
নির্বাচিত হওয়ার পর অধ্যাপক মামুন আহমেদ বলেন, এ দায়িত্ব বাংলাদেশের জন্য সম্মানের। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে কাজ করবেন।
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও প্রশাসনিক স্বচ্ছতা জোরদারে উদ্যোগ নেবেন। পাশাপাশি যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, ডিজিটাল সংযোগ এবং বৃত্তির সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেবেন।
অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সার্কভুক্ত আটটি দেশের উদ্যোগে ২০১০ সালে নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।



