মনিপুর ও বনপাড়া স্কুলের ফাইল তলব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুলের অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তলব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কাছে চাওয়া হয়েছে এই নথি।
গত ১৮ মে ‘মনিপুর স্কুলে লুট ৬০২ কোটি’ এবং ১৯ মে ‘বনপাড়া স্কুলে ৭৬ শিক্ষকের ৭৩ জনই ‘ভুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় আগামীর সময়ে। প্রতিবেদনে মনিপুর স্কুলে আওয়ামী আমলে ৬০২ কোিট টাকা লুট এবং বনপাড়া স্কুলে ৭৬ জন শিক্ষকের মধ্যে ৭৩ জনের সনদই জাল— তুলে ধরা হয় এমন তথ্য।
ফাইল তলবের বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক আগামীর সময়কে বললেন, ‘দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ডিআইএকে দ্রুত সময়ের মধ্যে সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।’




