বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ফ্রান্স, দাবি জ্যোতিষীর

সংগৃহীত ছবি
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন চলছে নানা হিসাব-নিকাশ ও সম্ভাবনার আলোচনা।
আর এসময় ব্যতিক্রমী এক পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর কলাপাড়ার জ্যোতিষী আবদুস ছালাম শিকদার। তার দাবি, চলতি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতবে ফ্রান্স।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ পূর্বাভাস প্রকাশ করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপের শক্তিশালী দল স্পেন এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সেমিফাইনাল বা শেষ চারে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত শিরোপার লড়াই থেকে ছিটকে পড়বে।
আবদুস ছালাম শিকদারের ভাষ্য অনুযায়ী, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরবে ফ্রান্স।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও গবেষণার ভিত্তিতেই তিনি এ পূর্বাভাস দিয়েছেন। মাঠের খেলায় ধাপে ধাপে এমন পরিস্থিতিই তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে আবদুস ছালাম শিকদার বলছিলেন, প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমি এই পূর্বাভাস তৈরি করেছি। অতীতেও আমার কয়েকটি পূর্বাভাস সঠিক হয়েছিল। মূলত মানুষের আগ্রহ ও বিনোদনের বিষয়টি মাথায় রেখেই আমি এসব বিশ্লেষণ প্রকাশ করি।
তবে ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের ফলাফল নির্ভর করে খেলোয়াড়দের পারফরম্যান্স, দলীয় কৌশল, ইনজুরি পরিস্থিতি এবং ম্যাচের বাস্তব ঘটনাপ্রবাহের ওপর। তাই এই পূর্বাভাস কতটা বাস্তবতার সঙ্গে মিলে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত।
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের বাসিন্দা আবদুস ছালাম শিকদার হাজী মো. জালাল উদ্দিন শিকদারের ছেলে। ১৯৮২ সালের ২ এপ্রিল তার জন্ম। ২০১৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজি থেকে জ্যোতিষশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন তিনি। এর আগে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন বলে দাবি করেন এই জ্যোতিষী।




