জামালপুরে চাচা হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

সংগৃহীত ছবি
জামালপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা আব্দুল হক হত্যা করে ভাতিজা। আর এই মামলার প্রধান আসামি আব্দুস সালাম (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার আব্দুস সালাম সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ জুন সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে চাচা আব্দুল হকের সঙ্গে ভাতিজা আব্দুস সালামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা সালাম দা দিয়ে চাচা আব্দুল হককে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর জেলা পুলিশের একটি বিশেষ দল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিবের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুরের গাছা এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেছেন, জেলা পুলিশ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অব্যাহত রয়েছে অভিযান।




