সচিবালয়ে আইনমন্ত্রী
ডিজিটাল নিবন্ধনে বন্ধ হবে জাল সনদে বাল্য ও বহুবিয়ে

গ্রাফিকস: আগামীর সময়
অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থা চালু হলে জাল জন্মসনদ দিয়ে বাল্যবিয়ে বা বিয়ে-সংক্রান্ত কোনো প্রতারণার সুযোগ থাকবে না বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলছিলেন, ‘জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন ডেটাবেজের সঙ্গে সরাসরি আন্তঃসংযোগ থাকায় এক ক্লিকেই ব্যক্তি-সংক্রান্ত সব তথ্য যাচাই করা সম্ভব হবে। ফলে ভুয়া কাগজপত্র বা জাল জন্মসনদ বানিয়ে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে কিংবা প্রথম স্ত্রীর অজান্তে গোপন বহুবিয়ে পুরোপুরি রোধ করা সম্ভব হবে।’
গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে মন্ত্রী বলছিলেন এসব কথা। আইন ও বিচার বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এই সমঝোতা সই হয়।
আইন ও বিচার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এই উদ্যোগে প্রাথমিকভাবে দেশের ১০ জেলার ১০ উপজেলার ১০২টি ইউনিয়নে পাইলটিং ভিত্তিতে অনলাইন বিয়ে ও তালাক নিবন্ধন কার্যক্রম চালু করা হচ্ছে। নির্বাচিত ১০টি উপজেলা হলো— গাজীপুরের কালীগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শেরপুরের ঝিনাইগাতী, কুড়িগ্রাম সদর, গাইবান্ধার সুন্দরগঞ্জ, নড়াইল সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সিলেট সদর, কক্সবাজারের চকরিয়া এবং কিশোরগঞ্জ সদর।





