রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়
দায়ী মিয়ানমার, সুযোগ বাংলাদেশের
- প্রথমবার গণহত্যার জন্য দায়ী হলো কোনো রাষ্ট্র
- নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নির্দেশ
- মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত যুক্তরাজ্যের

গ্রাফিকস: আগামীর সময়
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দেশটির বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়কে রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় আলোচনা ও বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে চাপ দিতে পারে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন সহিংসতা ও অন্যান্য নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রায়ের মূল সিদ্ধান্তে ১৫ বিচারকের মধ্যে ৯ জন পক্ষে ও ৬ জন বিপক্ষে ভোট দিয়েছেন। রায়ে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থতা, আলামত সংরক্ষণে আদালতের আগের নির্দেশ লঙ্ঘন এবং রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত এসেছে। সব মিলিয়ে ১৩টি সিদ্ধান্ত দিয়েছেন বিচারকরা।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আইসিজের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের জন্যও এই রায়ের ইতিবাচক প্রভাব রয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলছিলেন, রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইতিবাচক ফলাফল ও ক্ষতিপূরণের বিষয় উঠে এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও এক্ষেত্রে উপকৃত হতে পারে। বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির ক্ষেত্রে রায়টি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো। নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণের স্বীকৃতি পাওয়ার ঘটনা এটি চতুর্থ। আদালতের রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে এই রায়ের পরও রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা দ্রুত সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, রায় বাস্তবায়নে মিয়ানমারের সহযোগিতা এবং দেশটির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ কতটা কার্যকর হয়, তার ওপরই প্রত্যাবাসনের অগ্রগতি নির্ভর করবে।
এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরির সুযোগ এসেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। আগামীর সময়কে তিনি বলেছেন, ‘আদালতের রায়ে যেহেতু প্রত্যাবাসনের কথা বলা আছে, তাই এটি বাস্তবায়নে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে। বন্ধু রাষ্ট্রদের নিয়েও কথা বলা যেতে পারে। একই সঙ্গে যারা মিয়ানমারকে সহযোগিতা বা সমর্থন করে, তাদেরও এই রায়ের বিষয়টি মনে করিয়ে দেওয়া যায়।’
তবে রায় হলেই প্রত্যাবাসন শুরু হবে, এমন নিশ্চয়তা দেখছেন না এই কূটনীতিক। তার মতে, ‘মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ কতটা বাড়ে এবং বাংলাদেশ সেই পরিস্থিতিকে কীভাবে কূটনৈতিকভাবে কাজে লাগায়, সেটিই গুরুত্বপূর্ণ। সুযোগ কাজে লাগাতে না পারলে রায়ের ইতিবাচক দিক থেকেও প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হতে পারে।’
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা। এরপর পেরিয়ে গেছে ৯ বছরের বেশি সময়। কিন্তু নিরাপদে নিজ দেশে ফেরার পথ খোলেনি তাদের। বরং মিয়ানমারে নতুন করে সংঘাতের কারণে আরও রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
ইউএনএইচসিআরের ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখ ৮ হাজার ১৮। এর মধ্যে কক্সবাজারের বিভিন্ন শিবিরে রয়েছেন ১১ লাখ ৭৪ হাজার ৯৭৫ জন এবং নোয়াখালীর ভাসানচরে ৩৩ হাজার ৪৩ জন। ২০২৪ সালের শুরু থেকে মিয়ানমারে নতুন করে সংঘাতের কারণে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর ওপরও চাপ তৈরি হয়েছে। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার পাশাপাশি পরিবেশ, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। শিবিরগুলোয় জনঘনত্ব ও মানবিক সহায়তার চাহিদা বাড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে আসায় সংকট মোকাবিলা আরও কঠিন হয়ে উঠেছে।
জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলোর ২০২৬ সালের যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে ৭১০ দশমিক ৫ মিলিয়ন ডলারের সহায়তা চাওয়া হয়েছে। পরিকল্পনায় স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনকে অন্যতম কৌশলগত লক্ষ্য হিসেবে রাখা হয়েছে।
এমন পরিস্থিতিতে আইসিজের রায় বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালত মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করার পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছেন। ফলে প্রত্যাবাসনের দাবিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এ রায়কে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। তবে রায়ের আইনি স্বীকৃতি আর মাঠপর্যায়ে প্রত্যাবাসন, দুটি এক বিষয় নয়। মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের ওপরই শেষ পর্যন্ত নির্ভর করবে তাদের নিজ দেশে ফেরার ভবিষ্যৎ।
সাবেক পররাষ্ট্র সচিব কামরুল আহসান মনে করেন, রায় মিয়ানমারের বিরুদ্ধে যাওয়ায় দেশটি নৈতিকভাবে চাপে পড়েছে। তবে সেই চাপকে প্রত্যাবাসনের বাস্তব অগ্রগতিতে রূপ দেওয়া সহজ হবে না। তিনি আগামীর সময়কে বলছিলেন, ‘মিয়ানমার নীতি-নৈতিকতার ধার ধারে কি না, সেটিও ভাবার বিষয়। মিয়ানমারকে একমাত্র চাপে ফেলতে পারে চীন। কিন্তু চীনের জন্য মিয়ানমার গুরুত্বপূর্ণ। ফলে চীনকে বাদ দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারবে কি না এবং সেই চাপের সুফল বাংলাদেশ পাবে কি না, তা সময় বলে দেবে।’
এদিকে আইসিজের রায়ের পর মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘আদালতের রায়ের পরপরই যুক্তরাজ্য ব্যবস্থা নিচ্ছে। মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে এবং রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করা হচ্ছে।’



