জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

সংগৃহীত ছবি
বর্তমান গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আজ রবিবার ঢাকা সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে। মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন তিনি।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের নিয়ে আয়োজিত এই সভায় ভূমি প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সফলভাবে দায়িত্ব পালনের জন্য সকলকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করার তাগিদ দেন তিনি।
বাংলাদেশের ১৮ কোটি মানুষই এই দেশের প্রকৃত মালিক উল্লেখ করে সরকারি কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক। সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দেন তিনি।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



