ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত, বললেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় সরকার সবরকমের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বৈঠক। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী উল্লেখ করেন, যেহেতু দুএকজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং এই সময়ে ডেঙ্গু হয় সেজন্য আমরা কালক্ষেপণ করতে চাই না। আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি ডেঙ্গু মোকাবিলায়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করা হচ্ছে ডেঙ্গু কর্নার। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল রেডি আছে। প্রয়োজনে আরও ফিল্ড হাসপাতাল করা হবে দেশের বিভিন্ন জায়গায়।
স্বাস্থ্যমন্ত্রী যোগ করেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। কাল থেকেই কাজ শুরু হচ্ছে। সারাদেশে ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কিটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।
ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বললেন, আমরা এ নিয়ে সিটি কর্পোরেশন এর সঙ্গে দুমাস আগে থেকেই কাজ শুরু করেছি। আগামীকাল আবার সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে বসব।
সভায় ডেঙ্গু বিষয়ক একটি অ্যাপস চালু করার ব্যাপারে আলোচনা করা হয় এবং গুরুত্বারোপ করা হয় ডেঙ্গু বিষয়ক গবেষণা বাড়ানোর বিষয়ে।



