উদ্যোগের পর উদ্যোগেও কমছে না ডেঙ্গু সংক্রমণ

গ্রাফিকস: আগামীর সময়
প্রবাসী লিটন দাস ডেঙ্গুতে হারিয়েছেন আট বছরের সন্তান ঐশী দাসকে। পঞ্চগড়ের বাবুল হক ও নাজমিন আক্তার দম্পতি মাত্র ২১ দিনের ব্যবধানে হারান দুই ছেলেকে। এমন সব বেদনার মধ্যেই ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে একের পর এক উদ্যোগ নিচ্ছে সরকার। জাতীয় কমিটি পুনর্গঠন বা উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন। আবার কখনো মশকনিধনে বিশেষ অভিযান কিংবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। সবশেষ দেশ জুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। কিন্তু এত এত উদ্যোগেও কমছে না ডেঙ্গুর সংক্রমণ, থামছে না মৃত্যুও।
২১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। মারা গেছেন ৫১৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। সবই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।
চট্টগ্রামের আট বছর বয়সী ঐশী দাস। গত ২৯ অক্টোবর মারা যায় ডেঙ্গুতে। তৃতীয় শ্রেণির এই ছাত্রী মাত্র চার দিন জ্বরে ভুগেছিল। সঙ্গে ছিল বমি। মেয়ের অসুস্থতার খবর পেয়েই বিমানে চেপে বসেন বাবা লিটন দাস। কিন্তু দেশে পৌঁছার আগেই পান মেয়ের মৃত্যুর খবর।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গত বছরের প্রায় দ্বিগুণ। মৃত্যুও অনেক বেশি। ২০২৫ সালে একই সময়ে ডেঙ্গুতে ৮৮ হাজার ৮৯৩ জন হাসপাতালে ভর্তি এবং ৩৫৩ জনের মৃত্যু হয়েছিল।
সরকার যে পদ্ধতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তা সঠিক ও বিজ্ঞানসম্মত নয় বলে মনে করেন বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন।
এই জনস্বাস্থ্যবিদ আগামীর সময়কে বললেন, ‘নিবিড় কার্যক্রম চালিয়ে খুঁজে খুঁজে মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করতে হবে। পাশাপাশি যেখানেই ডেঙ্গু রোগী পাওয়া যাবে, সেখানেই মশকনিধনে অভিযান চালাতে হবে। একাজ হবে কীটতত্ত্ববিদদের অধীনে। সমন্বিতভাবে এ কাজগুলো যতক্ষণে না হবে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। রোগীও মারা যাবে।’
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুতে মোট পাঁচজনের মৃত্যু হয়। ডেঙ্গু প্রতিরোধে বর্ষা মৌসুমের ঝুঁকি আমলে নেওয়া হয়। জুনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জাতীয় কমিটির সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়, যা গঠিত হয় ২৩ জুন। মাঠের কার্যক্রম তদারকি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং জরুরি ব্যবস্থা নেওয়া এই টাস্কফোর্সের মূল দায়িত্ব।
এর আগে ১৫ জুন পুনর্গঠন করা হয় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি। সিটি করপোরেশন, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হয় কমিটি। দায়িত্ব ছিল নীতিগত দিকনির্দেশনা, চলমান কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়।
জুনের শেষ সপ্তাহে টাস্কফোর্স ঢাকায় বিশেষ অভিযানও চালায়। রাজধানীর জিগাতলায় নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের লাখ টাকা জরিমানা করে। সরকারি আবাসিক ভবন ও জলাশয়সংলগ্ন এলাকাতেও জমে থাকা পানি ও আবর্জনা সরানোর নির্দেশ দেয়।
এই দুই উদ্যোগের মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকে। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা যায়। জুনে সে সংখ্যা দাঁড়ায় ১৩ জনে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, মৃত্যু ঠেকাতে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে সেকেন্ডারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিতে হবে। পাশাপাশি যেখানেই রোগী মিলবে, কমিউনিটি পর্যায়ে সেখানেই বিনামূল্যে এনএসওয়ান পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ডেঙ্গুতে জ্বর সেরে যাওয়ার পরেই বিপদের শুরু, মানুষকে জানাতে হবে।
সেপ্টেম্বরে এসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এ মাসেই মশাবাহিত এ রোগে মারা যায় প্রায় দেড়শ মানুষ। মাত্র ২১ দিনে ডেঙ্গুতে দুই ছেলেকে হারিয়েছেন পঞ্চগড়ের বাবুল হক ও নাজমিন আক্তার দম্পতি। ১৬ বছর বয়সী ছোট ছেলে ইনতিসার হাসান ইয়াস ২১ সেপ্টেম্বর এবং ২৪ বছর বয়সী বড় ছেলে নাজমুল হাসান ইফতি মারা যান ১২ অক্টোবর। দুই ভাইয়ের চিকিৎসায় পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। তবে তাতে ঠেকানো যায়নি মৃত্যু।
যে পদ্ধতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তা সঠিক ও বিজ্ঞানসম্মত নয়
মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
যদিওবা সেপ্টেম্বরের শুরুতে সরকারের পক্ষ থেকে আরও কিছু পদক্ষেপের কথা জানানো হয়। যার মধ্যে রয়েছে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বাড়ি ও প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল শনাক্ত, উপজেলা হাসপাতালে ডেঙ্গু কর্নার স্থাপন।
পাশাপাশি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা এবং প্রায় ৩০০ চিকিৎসককে ডেঙ্গু রোগীর চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া অন্যতম। সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা এবং বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ শয্যা বিনামূল্যে রাখার নির্দেশনার কথাও জানায় সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গত ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন।
তারপরও অক্টোবরে এসে ডেঙ্গু পরিস্থিতি আরও নাজুক হয়ে যায়। এ মাসে সর্বোচ্চসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত ও মারা যায়। নভেম্বরেও পরিস্থিতির উন্নতি হয়নি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রমাণভিত্তিক মশকনিধন কার্যক্রম চালাতে হবে জানিয়ে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আগামীর সময়কে বললেন, ‘যে জায়গায় এডিস মশার লার্ভা জন্মে, সেসব স্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু যেসব জায়গায় মশকনিধন কর্মসূচি চলে, বাস্তবে সেসব জায়গায় এডিস মশা জন্মে না।’
এত উদ্যোগের পরও ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রশ্ন উঠেছে এর কার্যকারিতা নিয়ে। চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৫ হাজার ৪৭৫ জন, মৃত্যু হয়েছিল ১৩০ জনের। এর পরের ৭৪ দিনে (২১ নভেম্বর পর্যন্ত) হাসপাতালে ভর্তি রোগী যোগ হয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। আক্রান্ত ও মৃত্যুর বড় অংশই ঢাকায়।
ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ার বিষয়টি স্বীকারও করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। আগামীর সময়কে বললেন, “প্রতি সপ্তাহে এডিসের লার্ভার ঘনত্ব মাপা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখন পর্যন্ত ‘ওয়েল কন্ট্রোল’ বলা যাচ্ছে না। নভেম্বরের শেষের দিকে রোগীর সংখ্যা কমে আসতে পারে।”
অবশ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানের দাবি, ডেঙ্গু রোগী কমে আসছে। তিনি বললেন, ‘তিন ধাপে পরীক্ষার পরে কীটনাশক প্রয়োগ করা হয়। মান নিয়ে প্রশ্ন নেই। ক্রাশ প্রোগ্রাম চলছে। মশা কমছে।’



