স্তন ক্যানসার সচেতনতায় এভারকেয়ার হাসপাতালে বিশেষ আয়োজন

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে নারীদের উৎসাহিত করতে রাজধানীর এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বসুন্ধরায় অবস্থিত হাসপাতালটিতে স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেছেন, স্তন ক্যানসারের ধরন ও পর্যায় অনুযায়ী সার্জারি, কেমোথেরাপি, হরমোনথেরাপি, ইমিউনোথেরাপি ও রেডিওথেরাপিসহ বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা করা সহজ হয়।
তিনি আরও উল্লেখ করেন, স্তন ক্যানসার নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা, সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া এবং নারীদের চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করা জরুরি।
হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেছেন, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্তনে নতুন কোনো চাকা, আকার বা ত্বকে পরিবর্তন কিংবা নিপল থেকে অস্বাভাবিক নিঃসরণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেছেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। পারিবারিক ও পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততায় অনেক নারী নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেন না।
তিনি নারীদের নিজেদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রোগীকেন্দ্রিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এভারকেয়ার হসপিটালসের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যানসারের ঝুঁকি, রোগ শনাক্তের পদ্ধতি এবং চিকিৎসার বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জানান, স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বয়স, পারিবারিক ইতিহাস ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করাও গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা স্তন ক্যানসার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
এভারকেয়ার হসপিটাল ঢাকা আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছে। স্তন ক্যানসার সচেতনতা মাসে এ ধরনের আয়োজনের মাধ্যমে নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরছে হাসপাতালটি।



