ডেঙ্গুতে মৃত্যুহীন দিন আজ

গ্রাফিকস: আগামীর সময়
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৮ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিবরণীতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হিসাবে, এডিস মশাবাহিত এ রোগে চলতি বছরে এখন পর্যন্ত ৮৮ জন মারা গেছে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ২৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৮ জন। ৯৮ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। এ দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হন ১৫০ জন।
এ ছাড়া খুলনায় ২০৫, বরিশালে ১১০, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৩৮ এবং রংপুর বিভাগে ১৭ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।
দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার দেখা দিয়েছিল ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এর পরের বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়। আর ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১, মৃত্যু হয় ৪১৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।







