নতুন সেবা ও আধুনিক প্রযুক্তির চিকিৎসায় জোর বারডেমের
- অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

সংগৃহীত ছবি
চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন এবং নতুন নতুন চিকিৎসাসেবা যুক্ত করার মাধ্যমে রোগীদের আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। আজ রবিবার বারডেম জেনারেল হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন এবং আধুনিকায়নে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাসির উদ্দিন আহমেদ (অব.)।
প্রধান অতিথির বক্তব্যে বাডাস মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি ক্যানসার চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন সেবা চালুর মাধ্যমে বারডেম তার সেবার মান আরও একধাপ এগিয়ে নেবে। সেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাসির উদ্দিন আহমেদ (অব.) হাসপাতালের আধুনিকায়ন, প্রশাসনিক গতিশীলতা এবং উন্নত সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন এবং অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ ও সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বারডেমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সদস্যদের মতামতের ভিত্তিতে তা অনুমোদিত হয়। এ ছাড়া আগামী দিনের কর্মপরিকল্পনা ও কর্মকর্তাদের সার্বিক কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। শেষ পর্যায়ে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



