স্বাস্থ্যমন্ত্রী
নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে

বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে।’
আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী এবং মডারেটর ছিলেন ফ্যাকল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।
শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, অনেক ক্ষেত্রে এক বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। এমনকি এক শিশুর খাবার অন্য শিশুকে খাওয়ানোর মতো ঘটনাও ঘটছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
মন্ত্রী আরও বলেন, গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে। তাদের স্তন পরীক্ষা করার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিনও দেওয়া হবে।
স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণের ব্যবস্থা গড়ে তোলা হবে। এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় এনে সুস্থ হওয়ার সুযোগ বাড়ানো সম্ভব হবে।



