নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। শুল্কের পরিমাণ যা-ই হোক না কেন, এ নিয়ম কার্যকর হবে। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১-এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে দলিল লেখার জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে।
পাশাপাশি দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধ-সংক্রান্ত এ-চালান নম্বর উল্লেখ করতে হবে। বীমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্কের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।



