স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধের কারণ খুঁজে মূল উৎসে আঘাত করতে হবে

বুধবার সেগুনবাগিচায় ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধীকে শাস্তি দেওয়ার পাশাপাশি অপরাধ কেন হচ্ছে তা খুঁজে বের করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘নিরাপদ সমাজ গঠনে অপরাধের নেপথ্যের কারণ খুঁজে বের করে উৎস মূলে আঘাত করতে হবে। মূল উৎস বন্ধ করতে পারলে সমাজে অপরাধের হার কমানো সম্ভব হবে।’
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলে প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল রূপ নিয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ‘এর ফলে অপরাধ দমনে আধুনিক আইন ও প্রযুক্তির পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জরুরি। অনুসন্ধানী সাংবাদিকতা শুধু অপরাধের ঘটনা তুলে ধরা নয়, এর পেছনের কারণ ও অপরাধী চক্রের কার্যক্রমও সামনে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম।’
তিনি জানালেন, অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় পুরনো আইন সংস্কার করে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ করা হয়েছে। একই সঙ্গে মাদক অপরাধ নিয়ন্ত্রণে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
ক্রাইম রিপোর্টারদের প্রসঙ্গে মন্ত্রী বলছিলেন, ‘দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত বা আহত হলে সিএসআর ফান্ডসহ অন্যান্য মাধ্যমে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়ার বিষয়টিও আইনগতভাবে পর্যালোচনা করা হবে।’
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন প্রমুখ। পরে কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।




