সোনাগাজীতে হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

সংগৃহীত ছবি
দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ফেনীর সোনাগাজিতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র। ২২০ মেগাওয়াটের প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন (ইজিবি) বাংলাদেশ পিএলসি।
এ উপলক্ষে আজ সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে স্টার্ট-আপ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায়। এ সময়ের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই আমাদের লক্ষ্য।’
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইজিবি পিএলসির নিজস্ব অর্থায়নে সোনাগাজির প্রকল্পটি বাস্তবায়িত হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবির মধ্যে গত ৩ আগস্ট প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটির অনুমোদিত ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। আগামী ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানিয়েছে ইজিবি। সংস্থাটি বলেছে, এতে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়বে, কার্বন নিঃসরণ কমবে এবং জাতীয়ভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়ন অভীষ্ট ৭ দশমিক ২ অর্জনে সহায়তা মিলবে।
কর্মকর্তারা জানান, প্রকল্প এলাকায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমেটরি ভবনের নির্মাণকাজ চলমান।
এদিকে, সোনাগাজীতে বৃহত্তর সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তুলতে ৩৮৬ একর ভূমি অধিগ্রহণ প্রকল্প অনুমোদন করেছে একনেক। এ ছাড়া মুহুরীপুরে ১৫০ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সোনাগাজী এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি বৃহৎ সোলার হাব গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে।
ইজিবি পিএলসি জানিয়েছে, এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নয়; বরং পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ সুরক্ষা, স্থানীয় কর্মসংস্থান ও টেকসই আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন— বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার (রেসিডেন্ট হেড) আলী এম. খান, আইএসডিবির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবি পিএলসির চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, ইজিবি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদির প্রমুখ।



