কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে বিপত্তি, আটকা ১২৭ যাত্রী

কাঠমান্ডু বিমানবন্দর
কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগে দেখা দিয়েছে কারিগরি ত্রুটি। এ ঘটনায় কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছে ১২৭ যাত্রী। পরে ওই ফ্লাইট থেকে নামিয়ে টার্মিনালে অপেক্ষায় রাখা হয়েছে তাদের।
বিমানের কাঠামান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আকতারের বরাত দিয়ে ‘আগামীর সময়’ নেপাল প্রতিনিধি জানিয়েছেন, রবিবার বিকাল ৪টায় যাত্রী নিয়ে ফ্লাইটটি টার্মিনাল ত্যাগ করার পরই উইন্ডস্ক্রিনে ফাটল দেখা দেয়। পরে উড়োজাহাজটি আবার কাঠমান্ডুতে ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) মহিউদ্দিন আহমেদ আগামীর সময়কে বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি বিমান নেপালে পাঠানো হয়েছে। সে দেশের স্থানীয় সময় রাত ১০টায় সেটি ঢাকার উদ্দেশে রওনা করার কথা।
মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার বিকাল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিজি৩৭২ ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে ফ্লাইটটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পরই দেখা দেয় কারিগরি ত্রুটি। এ কারণে পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয় ফ্লাইটটি।







