আশুলিয়ায় ৫ প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

সংগৃহীত ছবি
তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে ঢাকার আশুলিয়া এলাকায় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিচালিত এ কার্যক্রমে প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধন ব্যবস্থা ও সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা পরিদর্শন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমে অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মো. মাহবুব জামিল, ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার, নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরাও অংশ নেন।
পরিদর্শনকালে শিল্পপ্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধনাগারসহ সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। এর অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।



