মিল্ক ভিটার দুধের দাম লিটারে বাড়ল ১০ টাকা, নেপথ্যে কী

সংগৃহীত ছবি
সরকারি কোম্পানি মিল্ক ভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। গত ৫ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে কার্যকর বর্ধিত এই দামের কারণে বাজারে এক লিটার দুধের দাম ১০০ থেকে বেড়ে এখন ১১০ টাকা হয়েছে।
মিল্ক ভিটার সভাপতি এস এম আমীর হামজা শাতিল গণমাধ্যমকে জানিয়েছেন, সার্বিকভাবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তি এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার দুধ উৎপাদন করে। দুধ ও দুধজাত পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই এই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
এস এম আমীর হামজা শাতিল বলছিলেন, আমাদের লিটারে এক কেজি ৩০ গ্রাম থেকে ৫০ গ্রামের প্যাকেটজাত দুধের দাম ১০ টাকা বাড়ানো হয়েছে। কারণটা হচ্ছে, আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে। আমাদের সমিতির সবার থেকে প্রেশার ছিল— অব্যাহতভাবে গ্যাস, গো-খাদ্য, বিদ্যুৎসহ সর্বোপরি উৎপাদন কস্ট, এটা বেড়েছে।
মিল্ক ভিটার সভাপতি আরও বলেছেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যুদ্ধের কারণে মূল প্যাকেজিং ম্যাটেরিয়ালের দাম বেড়েছে। যুদ্ধের কারণে আমাদের যে মূল প্যাকেজিং ম্যাটেরিয়াল পলিফিল্ম, আগে কিনতাম ২৭৫-৮০ টাকা কেজি। এখন সেটা ৪৫০ টাকা কেজি কিনতে হচ্ছে। অনেক সময় আমরা সাপ্লাইও পাচ্ছি না।’
এ কারণেই মিল্ক ভিটার সব প্যাকেজিং ম্যাটেরিয়াল যেমন কাপ, বোতল, আইসক্রিমের ক্যানসহ সব পণ্যের দাম দ্বিগুণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া গ্যাসের দাম বৃদ্ধি ও অপ্রতুলতা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে দাবি করেন এস এম আমীর হামজা শাতিল। বলেছেন, ‘গ্যাস পাই না, ঢাকা ডেইরিতে গত ৪৫ দিন ধরে গ্যাস নেই। এ কারণে আমাদের মার্কেট থেকে তিনগুণ দামে এলপিজি কিনতে হচ্ছে।’
গো-খাদ্য ও বিদ্যুতের দাম বৃদ্ধি উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে বলে জানান তিনি।





