অতীতে ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না : ভূমিমন্ত্রী

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ইউএনডিপির মধ্যে হয়েছে চুক্তি। ছবি : সংগৃহীত
দেশে ভূমি ব্যবস্থাপনার অতীত চিত্র মোটেও সুখকর ছিল না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য ছিল। ফড়িয়া-দালালদের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তি ও অরাজকতার শিকার হতেন। সেই পরিস্থিতি বদলে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
এ লক্ষ্যে দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করা হবে। এ কাজের জন্য ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হবে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে।
গতকাল সোমবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ ও ইউএনডিপির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমি ব্যবস্থাপনার অতীতের অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আগামীর বাংলাদেশে আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সঙ্গে সরকারের এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভূমিমন্ত্রী আরও বলেন, নির্ভুল ডিজিটাল রেকর্ডই টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এই উদ্যোগ ভূমিসংক্রান্ত বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে।
বাংলাদেশ সরকারের অর্থায়নে নেওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য ভূমিসংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা। পাশাপাশি নাগরিকদের জন্য ভূমিসেবা সহজ করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানো এবং ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা।
প্রকল্পের আওতায় হোল্ডিং ও খতিয়ানের সব রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। এর ফলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে ভূমির তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে ভূমি অফিসে বারবার যাতায়াতের ভোগান্তি কমবে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমি ব্যবস্থাপনাবিষয়ক পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।’
ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারও কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর গুরুত্ব দেন। তার ভাষ্য, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাই করা ও নির্ভুল তথ্য সংরক্ষণ সবচেয়ে জরুরি। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই সেবার সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
একটি আধুনিক ও নির্ভরযোগ্য ভূমি রেকর্ড তৈরিতে এই চুক্তি স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন মীর হেলাল।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। এতে ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমার পাশাপাশি সরকারি রাজস্ব আদায়েও স্বচ্ছতা নিশ্চিত হবে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, এই উদ্যোগের সাফল্য শুধু কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো, তা দিয়ে বিচার করা যাবে না। নাগরিকেরা ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই হবে সাফল্যের মূল মাপকাঠি।
তিনি আরও বলেন, ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও কাজের মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ ইউএনডিপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান বিপিএএ। প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট মো. আতিকুল হক।



