তরুণ লেখকদের সঙ্গে আগামীর সময়ের সম্পাদকের প্রাণবন্ত আড্ডা

তরুণ কলাম লেখক ফোরামের পক্ষ থেকে সম্পাদক মোস্তফা মামুনকে সম্মাননা স্মারক দেওয়া হয়—ছবি: সংগৃহীত
দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুনের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় অংশ নেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যরা।
আজ রবিবার বিকালে পত্রিকাটির সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং তরুণদের সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আড্ডায় উপস্থিত ছিলেন আগামীর সময়ের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সভাপতি আমজাদ হোসেন হৃদয়, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমসহ কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন শাখা থেকে আসা বিশ্ববিদ্যালয়-কলেজের তরুণ লেখকরা।
অনুষ্ঠানে সম্পাদক মোস্তফা মামুন গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সংবাদপত্রের সামাজিক দায়বদ্ধতা এবং তরুণ লেখকদের ভূমিকা নিয়ে কথা বলেন।
মোস্তফা মামুন বললেন, ‘নতুন প্রজন্মের লেখকদের চিন্তা, সৃজনশীলতা ও সমাজ-সচেতনতা দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ। তরুণদের নিয়মিত পড়াশোনা, গবেষণা এবং দায়িত্বশীল লেখালেখির প্রতি গুরুত্বারোপ করেন।’
‘আগামীর সময় সবসময়ই নতুন ও সম্ভাবনাময় লেখকদের মূল্যায়ন করেছে, ভবিষ্যতেও করবে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে তরুণ লেখকদের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।’—যোগ করেন তিনি।
গণমাধ্যম ও সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কথাও উল্লেখ করেন মোস্তফা মামুন।
আড্ডায় অংশ নেওয়া তরুণ লেখকরা সম্পাদককে বিভিন্ন প্রশ্ন করেন। নিজেদের অভিজ্ঞতা, ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন। সাংবাদিকতা, কলাম লেখা, সমসাময়িক সমাজ-রাজনীতি ও নতুন প্রজন্মের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।
নিজেদের অভিজ্ঞতা জানিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বললেন, ‘এমন আয়োজন তরুণ লেখকদের জন্য অনুপ্রেরণার উৎস। একজন অভিজ্ঞ সম্পাদক ও সাংবাদিকের কাছ থেকে সরাসরি মতবিনিময়ের সুযোগ ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে আগামীর সময়ের পক্ষ থেকে উপস্থিত তরুণ লেখকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পক্ষ থেকে সম্পাদক মোস্তফা মামুনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
আড্ডা ও মতবিনিময় পর্ব শেষে তরুণ লেখকরা আগামীর সময়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।





