বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল এমবিটিএসিএন

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল মালয়েশিয়া–বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক (এমবিটিএসিএন)।
আজ ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে এ নেটওয়ার্কের যাত্রা শুরু হলো। এর মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যক্তি পর্যায়ের যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা সংস্থাটির।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, ভ্রমণ, পেশাগত সম্পৃক্ততা ও সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতার ভিত্তিতে এমবিটিএসিএন ব্যক্তিগত সম্পর্কগুলোকে আরও বিস্তৃত প্রাতিষ্ঠানিক ও জনগণভিত্তিক সহযোগিতায় রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করবে।
নেটওয়ার্কটি সাংস্কৃতিক উৎসব, শিল্পকলা ও আলোকচিত্র/চিত্রকলা প্রদর্শনী, চলচ্চিত্র ও সাহিত্য বিনিময়, রন্ধনশিল্পভিত্তিক অনুষ্ঠান, শিক্ষার্থী ও একাডেমিক বিনিময়, পর্যটন সহযোগিতা, স্বাস্থ্যসেবা সংযোগ এবং যুব উদ্যোগ পরিচালনা ও উৎসাহিত করবে।
মালয়েশিয়া হাইকমিশনের ঢাকার চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মো. মুতাসিম বিল্লাহ ফারুকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্যুরিজম মালয়েশিয়ার সাবেক আঞ্চলিক পরিচালক এবং এমবিটিএসিএন-এর প্রতিষ্ঠাতা সদস্য সায়েদ ইয়াহিয়া সায়েদ ওথমান ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রা। অধিবেশনে সভাপতিত্ব করেন এমবিটিএসিএন-এর সিনিয়র অ্যাডভাইজার মো. আবদুস সামাদ।
এমবিটিএসিএন-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ-এর সম্পাদক ও প্রকাশক আবু সুফিয়ানের নেতৃত্বে নেটওয়ার্কটি পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, শিল্পকলা, ব্যবসা, যুবসমাজ, গবেষণা এবং কমিউনিটি সম্পৃক্ততাকে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করবে।



