জিইডির প্রতিবেদন
মূল্যস্ফীতির তুলনায় বাড়ছে না মজুরি, চাপে ভোক্তারা

ফাইল ছবি
মুদ্রাস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি কমে যাওয়ায় ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।
সংস্থাটির মতে, খাদ্যপণ্যে সামান্য কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি উচ্চই রয়ে গেছে। পাশাপাশি বেসরকারি খাতের ঋণ সম্প্রসারণে জোরালো ভূমিকা রাখা যাচ্ছে না।
সেপ্টেম্বর মাসের ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। আজ সোমবার এটি প্রকাশ করেছে জিইডি।
এ প্রসঙ্গে সংস্থাটির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন বলেছেন, পূর্ববর্তী বছরের তুলনায় ইতিবাচক প্রবৃদ্ধি সত্ত্বেও রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় গত বছরের কাছাকাছি পর্যায়ে রয়েছে, কিন্তু বাস্তবায়নের হার কমছে এবং বৈদেশিক অর্থায়ন পিছিয়ে পড়েছে।
তিনি জানিয়েছেন, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের ফলে আগস্ট মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার হয়েছে। এদিকে মূলধনি যন্ত্রপাতির আমদানি বাড়লেও, রপ্তানি আয় কমে যাওয়া মিশ্র পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নামমাত্র বিনিময় হারের সীমিত ওঠানামা সত্ত্বেও টাকার প্রকৃত মূল্যবৃদ্ধি মূল্য-প্রতিযোগিতামূলক উদ্বেগ বাড়িয়ে তুলেছে।



