স্বরাষ্ট্রমন্ত্রী
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরাতে চায় সরকার

ছবি: ভিডিও থেকে নেওয়া
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আপিলের সুযোগ থাকলে সেটি আদালত দেখবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি মহল।
‘তারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয় তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী দাবি করেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই আসলে পরীক্ষার্থীই না। তবে তাদের সংখ্যা খুব বেশি নয় এবং সরকার তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না। সরকার শিক্ষার মানের অবনমন থেকে উত্তরণ চায় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।




