ডিসেম্বরে ‘জাতীয় সাংস্কৃতিক উৎসব’, থাকবে যাত্রা-সার্কাস

সংগৃহীত ছবি
ডিসেম্বরে ‘জাতীয় সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, ‘আমাদের কিছু সিদ্ধান্ত রয়েছে— আমরা ডিসেম্বরে জাতীয় সাংস্কৃতিক উৎসব করব। উৎসবে যাত্রা, সার্কাস, রবীন্দ্র, ভাওয়াইয়া সব হবে।’
আজ বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সার্কাস ও যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন নিয়ে দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রা ও সার্কাসকে আবার পুনরুজ্জীবিত করতে চাই। একটা পদ্ধতিগত প্রক্রিয়ার মধ্য দিয়ে সময় নিয়ে কাজ করতে হবে।’
জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘দেশব্যাপী এই আয়োজনে আমরা আপনাদের অন্তর্ভুক্ত করব। ৬৪ জেলায় একযোগে বড় মেলা হবে। এ লক্ষ্যে আগামী ৩/৫ দিনের মধ্যে আপনারা কী পালা করবেন, কারা কারা থাকবে, কী ধরনের পরিবেশনা হবে— তার প্রস্তাব জমা দিন।’
কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২টি সার্কাস দল এবং ৩৫টি যাত্রাদলের মালিক, পরিচালক, ম্যানেজার ও শিল্পীরা অংশ নেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘যাত্রা ঐতিহ্যগতভাবে একটা সাংস্কৃতিক মাধ্যম। সার্কাস ও যাত্রাপালার সামাজিক মর্যাদা ফেরাতে বর্তমানে প্রযুক্তিগত যে ধরনের পরিবর্তন ঘটেছে, তার সঙ্গে তাল মিলিয়ে এগুলোকে এগিয়ে নিতে হবে। এর সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করতে হলে যাত্রার আঙ্গিক দিক ঠিক রেখে কিছু পরিবর্তন আনতে হবে। এর মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমাদের দেশের স্থানীয় ঐতিহ্যগুলোকে তুলে ধরতে হবে। আমরা কেন্দ্রীয়ভাবে একাডেমি থেকে একজন কর্মকর্তা এবং যাত্রা ও সার্কাস প্রদর্শনী সংক্রান্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা নিযুক্ত করব।’
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা।



