থিয়েটার স্কুল প্রাক্তনীর ‘শ্রুতি সম্ভার’ আজ

মহড়ার ফাঁকে প্রাক্তনীর শিল্পীদের একাংশ। ছবি : সংগৃহীত
আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক আয়োজন ‘শ্রুতি সম্ভার’। বিকেল সাড়ে ৫টায় চা-আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে মূল পর্ব। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং এতে প্রবেশমূল্য নেই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর আহ্বায়ক শেকানুল ইসলাম শাহী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাবেক আহ্বায়ক মো. আক্তারুজ্জামান।
‘শ্রুতি সম্ভার’-এ প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বরচিত ও নির্বাচিত কবিতা, গল্প, উপন্যাস পাঠ, একক অভিনয় এবং শ্রুতি নাটক পরিবেশিত হবে। অনুষ্ঠানে অংশ নেবেন ভাস্বর বন্দোপাধ্যায়, তানজুম আরা পল্লী, খায়রুল আহসান সোহাগ, জয়িতা মহলানবীশ, রূপশ্রী চক্রবর্তী, তামান্না তিথি, সাইফ সুমন, মেহেলী রোজ, স্নিগ্ধা আক্তার, ইভা জান্নাত, প্রশান্ত হালদার, এরশাদ হাসান, শুভাশীষ দত্ত তন্ময়সহ অনেক শিল্পী।
অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিবেশিত হবে শেকানুল ইসলাম শাহীর রচনা এবং তামান্না তিথির নির্দেশনায় শ্রুতি নাটক ‘বউ বিভ্রাট’। এতে অভিনয় করবেন সুলতানা জাহান বীথি, শেকানুল ইসলাম শাহী, কাজী মাহমুদুল হক সেনা, রাফি আহমেদ মৃধা, মো. ফখরুজ্জামান চৌধুরী ও মেহেলী রোজ।
অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি এবং প্রাক্তনীর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।




